শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৩০ বিশিষ্ট নাগরিক। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাঁরা এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক স্বাধীনতা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৩০ টির বেশি চাঁদাবাজি, ছাত্র নির্যাতন, আবাসিক হলে নৈরাজ্য পরিস্থিতি তৈরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ গণমাধ্যমে এসেছে। এসব দুর্বৃত্তপনার অভিযোগের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিবৃতিদাতারা।
বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চার ছাত্রকে ‘শিবির সন্দেহে’ ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মারধর করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানোসহ ১০টি গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের বরাতে বিবৃতিতে উল্লেখ করা অন্য আটটি অভিযোগ হলো, ৬ ফেব্রুয়ারি বুয়েটের এক দম্পতির কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনতাই, ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ২ ছাত্রকে রাতভর নির্যাতন, ১৯ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে ‘কৃষ্ণ রায়’ নামের এক ছাত্রকে পেটানো, ১১ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর ছাত্রলীগের এক নেতা সাধারণ এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, জানুয়ারির শেষ সপ্তাহে চাদা না দেয়ায় ঢাবির অমর একুশে হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজধানীর বঙ্গবাজারের এক ব্যবসায়ীর দোকান ভেঙ্গে দেওয়া, ১৭ ফেব্রুয়ারি ঢাবির টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় পরিষদের অন্তত ২০ নেতা-কর্মী আহত হওয়া, ২১ ফেব্রুয়ারি ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে শাখা ছাত্রলীগের এক সহসভাপতি কর্তৃক স্টাম্প দিয়ে পেটানো, চুল ছিঁড়ে ফেলা ও বঁটি নিয়ে ধাওয়া করা এবং ছাত্রলীগের কর্মসূচিতে অনুপস্থিত থাকায় ২৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের এক শিক্ষার্থীকে মারধর করা।
বিবৃতিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছেও অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনী ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।
বিবৃতি দিয়েছেন যাঁরা
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী; অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্যাহ; মানবাধিকার কর্মী নূর খান লিটন; সাবেক কূটনীতিক সাকিব আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সুকোমল বড়ুয়া, অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোর্শেদ হাসান খান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক কামরুন্নেসা খন্দকার; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালেহ হাসান নকীব; প্রকৌশলী ম. ইনামুল হক; অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও পাকিস্তান কান্ট্রি স্পেশালিস্ট সুলতান মোহাম্মদ জাকারিয়া; সায়েন্টিফিক বাংলাদেশের সম্পাদক মুনির উদ্দিন আহমেদ; টেকসই উন্নয়ন বিষয়ক লেখক প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যব; সাংবাদিক আবুল কালাম মানিক; লেখক ও গবেষক জিয়া হাসান; বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়াটিভ ওয়ার্কিং গ্রুপের আইনজীবি ও সদস্য মো. সাইমুম রেজা তালুকদার; নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) আইনজীবী শিহাব উদ্দিন খান; জলবায়ু গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ; আইনজীবী অধিকার পরিষদের সমন্বয়ক মো. জীশান মহসীন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সিভিল রাইটস ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (সিআরআইবি) এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আহসান হাবীব; পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দীন; লেখক ও গবেষক জাকারিয়া পলাশ; মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম এবং লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সোহেল রানা।