ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলা, ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন তিনি
ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
বন্দী বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে আনার পর বাদল ফরাজি দেশের কারাগারে ছিলেন। ১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করে।
কারাগার কর্তৃপক্ষ বলছে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁর মুক্তির প্রক্রিয়া চলছে।
বাদল ফরাজিকে নামের মিলের কারণে ভারতের দিল্লির একজন বৃদ্ধাকে খুনের মামলায় গ্রেপ্তার ও ভুলভাবে দণ্ডিত করা হয়েছিল বলে স্পষ্ট। কারণ, হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ভারতে প্রবেশ করেন বাংলাদেশি বাদল ফরাজি।
অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলে আসছেন, ভারতের পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি নিহত বৃদ্ধার গৃহকর্মী ছিলেন। নামের মিলের কারণে তাঁরা বাদল ফরাজিকে গ্রেপ্তার করে।
বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। মা শেফালী বেগম এখন চলাফেরা করতে পারেন না।
বাদলের বোন আকলিমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা বাদলের মুক্তির অপেক্ষায়। তাঁরা চান, তাঁকে যেন আর কারাগারে ফিরতে না হয়।
বাদল ফরাজির কারাবাস বাংলাদেশ ও ভারত—দুই দেশেই আলোচিত। প্রথম আলো তাঁকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁর মুক্তির দাবিতে দুই দেশেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। লেখা হয়েছে উপন্যাস। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাসটির নাম ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ’। এটির লেখক এই প্রতিবেদক।
বাংলাদেশে বাদলের মুক্তির চেষ্টা ও আন্দোলনে যুক্ত ছিল প্রচেষ্টা ফাউন্ডেশন এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবী। ভারতে যুক্ত ছিলেন মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে।
সর্বশেষ গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে একটি মানববন্ধন হয়। তাতে তাঁর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে দাবি জানানো হয়।
যেভাবে কারাগারে
বাদলের কারাবাসের শুরু ২০০৮ সালে। ওই বছরের ৬ মে দিল্লিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ তাঁর গৃহকর্মী ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
এদিকে তাজমহল দেখার পরিকল্পনা নিয়ে ২০০৮ সালের জুলাইয়ে বেনাপোল হয়ে ভারতে যান বাদল ফরাজি। ঢাকার ভারতীয় হাইকমিশন তাঁকে পর্যটক ভিসাও দেয়। ওই বছরের ১৩ জুলাই তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের হরিদাসপুরে ঢোকেন।
এর পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটক করে। পরে তাঁকে ‘বাদল সিং’ হিসেবে খুনের মামলায় আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয় ২১ জুলাই।
বাদলের বয়স তখন ১৮। পড়াশোনা করছিলেন। পরিবার ও মানবাধিকারকর্মীরা বলছেন, ইংরেজি বা হিন্দি না জানায় তিনি নিজের পরিচয় বোঝাতে পারেননি।
২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। এতে বাদলের পাসপোর্ট ও ভিসার নম্বর, ভিসা দেওয়ার তারিখ এবং ভারতে প্রবেশের তথ্য তুলে ধরা হয়। বাদলের স্কুল কর্তৃপক্ষও তাঁর পক্ষে প্রত্যয়ন দেয়। তবে এসব তথ্যপ্রমাণ উপস্থাপনের পরও মুক্তি পাননি তিনি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। ওই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
কারাবাস ও মুক্তির আন্দোলন
প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে ছিলেন বাদল। সেখানে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। কারাগারে বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। এদিকে তাঁর মুক্তির দাবিতে দিল্লির মানবাধিকারকর্মীরা বিভিন্ন সময় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে দেশে ফেরার পর বাদলকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
‘কারাভোগ শেষ, তবু মুক্তি নেই বাদল ফরাজির’ শিরোনামে ২০২২ সালের ৩০ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।
এতে বলা হয়, ২০ জুলাই (২০২২) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই বাদল ফরাজির ১৪ বছর সাজা পূর্ণ হয়েছে। সাজাভোগ শেষে মুক্তির বিষয়ে ভারত সরকারের অনুমোদন প্রয়োজন।
অবশ্য তাঁর মুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল তৎকালীন সরকার। ভারতের দণ্ডবিধি অনুযায়ী বাদলের সাজা ১৪ বছর। বাংলাদেশের আইন অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। কোন আইনে তাঁর সাজা কার্যকর হবে, তা স্পষ্ট নয়।
প্রথম আলোর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাদল ফরাজির মুক্তির ব্যাপারে জানতে ও তাঁর সাজা মওকুফ করার সুপারিশ করে ভারত সরকারকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেছিলেন, ‘ছেলেটি নির্দোষ জানার পরও আমরা কিছু করতে পারিনি। কারণ, ভারতের আদালতে সাজা হয়েছে। যেহেতু তাদের আদালতে সাজা হয়েছে, তাদের আইন মেনেই বাদলকে মুক্তি দেওয়া হবে। তবে তাঁর মুক্তির প্রক্রিয়া যাতে ত্বরিত হয়, আমরা সেই ব্যবস্থা নেব।’
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোতে ‘বাদল অথবা বাদলদের গল্প’ শিরোনামে একটি কলাম লেখেন। এতে তিনি বাদলের মুক্তির দাবি তুলে ধরেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাদল ফরাজিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
বাদলের পরিবারের দাবি, বাদলের স্থায়ী মুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। নথিপত্র বলছে, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডের (সেনটেন্স রিভিউ বোর্ড) সভায় বাদলের মুক্তির (মেয়াদপূর্তির আগে মুক্তি) বিষয়টি ওঠে। তবে আবেদনটি বোর্ড প্রত্যাখ্যান করে।
বাদলের প্যারোলের বিষয়ে ভারতের আদালতের অনুমতি নিতে দিল্লি হাইকোর্টে আবেদন করেন আইনজীবী সার্থক ম্যাগন, বৈভব ভরদ্বাজ ও রঞ্জিত কুমার সাহু। গত ২৯ সেপ্টেম্বর ভারতের আদালত বলেছেন, প্যারোলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।
ভারতের আদালতের ওই আদেশের পর গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি স্মারক জারি করে। পরে গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম ভাইয়ের প্যারোলের আবেদন করেন। এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়।
সর্বশেষ ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা স্মারকে বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাদলের মুক্তির প্রক্রিয়া চলছে।
‘মা ছেলেকে দেখার অপেক্ষায়’
বাদল ফরাজি কারাগারে গিয়েছিলেন ১৮ বছর বয়সে। এখন তাঁর বয়স ৩৬ বছর। আইনি প্রক্রিয়ায় সুযোগ পেয়ে তিনি গত বুধবার কারাগার থেকে ফোন করে এই প্রতিবেদককে বলেন, ‘মুক্তি পেয়ে ডাইরেক্ট (সরাসরি) মায়ের কাছে যাব।’
এদিকে বাদলের বোন আকলিমা প্রথম আলোকে বলেন, ‘আমার মা এখন তাঁর ছেলেকে দেখার অপেক্ষায়।’