বাল্যবিবাহ প্রতিরোধে ‘উজ্জীবন’ প্রকল্পের আওতায় ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ
বাল্যবিবাহ প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উজ্জীবন প্রকল্পের অংশ হিসেবে এ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ-সংক্রান্ত একটি ডিজিটাল লাইব্রেরি তৈরির কথা জানানো হয়। লাইব্রেরিটির লিংক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
জনস হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস, ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের আওতায় মা, নবজাতক ও শিশু-কিশোর স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা, পুষ্টির ক্ষেত্রে সাফল্য আনতে ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পেশা ও বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির ভারপ্রাপ্ত পরিচালক (অফিস অব পপুলেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন) মিরান্ডা বেকম্যান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন ও সংসদ সদস্য সেলিমা আহমাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের প্রধান কাজী ফয়সাল মাহমুদ ও উপপ্রধান জিনাত সুলতানা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে অভিজ্ঞতা উপস্থাপন করেন।
ইউএসএআইডির উজ্জীবন প্রকল্প মা, নবজাতক ও শিশু-কিশোর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও যক্ষ্মা বিষয়ে সচেতনতামূলক কাজের একটি সমন্বিত প্রয়াস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এতে সহযোগিতা করছে।