কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।

ফোরামটি আজ (২৩ মে) থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত লুসাইল শহরের ফেয়ারমন্ট ও র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হবে।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই ফোরামে যোগ দিতে গতকাল সোমবার ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

ফোরামের মূল উদ্দেশ্য—বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ সংকট ও এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি ও সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহর সঙ্গে পৃথক বৈঠক করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৪ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন। আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।

২৫ মে সকালে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।