হাইকোর্টে নীলফামারীর তিন আইনজীবীর হাজিরা, পরবর্তী শুনানি ২৮ মার্চ  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের সঙ্গে আইনজীবীদের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হকসহ তিন আইনজীবী হাইকোর্টে হাজিরা দিয়েছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার তাঁরা হাজির হন। তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২৮ মার্চ পরবর্তী তারিখ রেখেছেন।  

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এ ‘বিশৃঙ্খলা সৃষ্টি, আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের’ অভিযোগে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। একই সঙ্গে নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে সভাপতিসহ তিন আইনজীবীকে ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।

ধার্য তারিখে সভাপতিসহ তিন আইনজীবী হাজির হন। সেদিন তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন রাখেন। সেদিন তাঁদের পক্ষে সময়ের আরজি জানানো হলে আদালত ৬ মার্চ দিন রাখেন। এ অনুসারে সোমবার তাঁরা আদালতে হাজির হন। এই আইনজীবীদের অপর দুজন হলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম।

আদালতে তিন আইনজীবীর পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (তিন আইনজীবী) নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা দাখিল করেছেন। তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২৮ মার্চ পরবর্তী দিন রেখেছেন। সেদিন তাঁদের আদালতে হাজির হতে হবে।’

নথিপত্র থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় হাজতি আসামির জামিন নামঞ্জুর ও অপর আসামিদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম সারোয়ার। এই আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে মামলায় নিয়োজিত তিন আইনজীবীসহ তাঁদের সহযোগী আইনজীবীরা মারমুখী ও আক্রমণাত্মক ভঙ্গিতে এজলাসের টেবিল চাপড়ান। বিকট শব্দে বিচারকের প্রতি বিভিন্ন উক্তি করেন। হামলা করার প্রয়াস চালান।

এসব কথা উল্লেখ করে বিচারক মো. গোলাম সারোয়ার গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর একটি চিঠি পাঠান। এতে ঘটনা অবহিত করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠাতে নির্দেশ দেন।