পিরোজপুরের দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে রুল
পিরোজপুর-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আসন দুটির পাঁচ বাসিন্দার করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে হয়েছে।
পিরোজপুর-১ আসনটি আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এখন নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে এই আসনে ইন্দুরকানি উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানি উপজেলা আগে পিরোজপুর-২ আসনে যুক্ত ছিল। এটি বাদ দিয়ে নেছারাবাদ উপজেলাকে আসনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ–সংক্রান্ত ইসির গত ১ জুনের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচ বাসিন্দা রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, এম কে রহমান ও মুস্তাফিজুর রহমান খান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
পরে আইনজীবী কামাল হোসেন মিয়াজী প্রথম আলোকে বলেন, সংসদীয় আসন দুটির সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত নির্বাচন কমিশনের ১ জুনের প্রজ্ঞাপন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৯ আগস্ট রুল শুনানির জন্য দিন রেখেছেন আদালত।
পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আর পিরোজপুর–২ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।