কিটসংকটে হাম পরীক্ষা কম, শনাক্তও কম

হাম শনাক্তের পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না। কিটসংকটের কারণে প্রতিদিন স্বল্পসংখ্যক পরীক্ষা হচ্ছে। এতে দেশের হাম পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। শুধু রাজধানীর মহাখালীতে সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে হামের পরীক্ষা হয়। দেশে আর কোথাও এমন পরীক্ষার ব্যবস্থা নেই। প্রতিষ্ঠানটির পরিচালক মোমিনুর রহমান বলেন, ‘দৈনিক তিন-চার শ নমুনা পরীক্ষার সক্ষমতা আমাদের আছে। আমরা এখন প্রতিদিন গড়ে ১২০ বা তার কিছু বেশি নমুনা পরীক্ষা করছি। কিটস্বল্পতার কারণে বেশি পরীক্ষা করা যাচ্ছে না।’