এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই করা যাবে

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছেকোলাজ: বাসস

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।

আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক বা উপপরিচালক বা পরিচালকেরা এনআইডির জন্মতারিখ সংশোধন আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক-সমমান শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

মাঠপর্যায়ের এই কর্মকর্তাদের মধ্যে আছেন—উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার, এনআইডি উইংয়ের সহকারী পরিচালক বা উপপরিচালক বা পরিচালক।

পরিপত্রে বলা হয়েছে, এ ক্ষেত্রে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণ বা দলিল গ্রহণে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

সংশোধন আবেদন ইলেকট্রনিক্যালি অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে সিএমএসে আবশ্যিকভাবে নোট দিতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের অধীনস্থ কর্মকর্তা কর্তৃক সম্পন্ন করা কার্যক্রম মনিটরিং করবেন। দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম ৩টি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা সংযুক্ত ছকে প্রতিবেদন প্রস্তুত করে পরিচালকের (অপারেশনস) অভ্যন্তরীণ অ্যাকাউন্টে পাঠাবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন ও জন্মতারিখসহ নিজ নাম, পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনসংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।

জন্মতারিখ, নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।

এ পরিপত্র অনুযায়ী, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।