ওবায়দুল কাদেরসহ সাত আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ সর্বশেষ সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ চলা মামলাটিতে মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আগামী ১৭ মে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

মামলার সব আসামিই পলাতক।