ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু উপলক্ষে মেরুল বাড্ডা ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি: ব্র্যাক ব্যাংকের সৌজন্যে

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। ফলে বিশ্ববিদ্যালয়টির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ হবে।

গত বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এতে বাংলা কিউআর, ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাবের শিক্ষার্থীদের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বক্তব্য দেন। তিনি বলেন, ‘কীভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে পারে—এই উদ্যোগটি তারই প্রমাণ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস চালুর যাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটির অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলা কিউআর একটি সাহসী পদক্ষেপ। তবে এমন অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে হবে।

নতুন চালু হওয়া এ উদ্যোগের আওতায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব ধরনের আর্থিক লেনদেন বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে।