স্ত্রীর ‘সনদ জালিয়াতিতে’ পদ হারালেন বিমানের প্রশিক্ষণ বিভাগের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাইলট হিসেবে নিয়োগ পেয়েছেন সাদিয়া ইসলাম। পরে জানা যায়, তিনি নিয়োগের সময় জাল শিক্ষা সনদ দিয়েছিলেন। আর এ নিয়োগে তদবির ও প্রভাব বিস্তারের অভিযোগ আছে তাঁর স্বামী বিমানের চিফ অব ট্রেনিং (প্রশিক্ষণ বিভাগের প্রধান) ক্যাপ্টেন সাজিদ আহমেদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজিদ আহমেদকে লাইন পাইলট হিসেবে বদলি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ক্যাপ্টেন সাজিদ আহমদের বিরুদ্ধে স্ত্রীর নিয়োগে ক্ষমতার অপব্যবহার ছাড়াও ককপিট ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার ও বৈষম্যসহ আরও অভিযোগ আছে। তাঁর স্ত্রীর নিয়োগে জালিয়াতি সম্পর্কে জানা গেছে, বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বৈমানিক বা পাইলট হিসেবে নিয়োগ পাওয়ার জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। কিন্তু সাদিয়া ইসলাম মানবিক বিভাগ থেকে পাস করে বিজ্ঞান বিভাগ থেকে পাস করার তথ্য দিয়েছিলেন।

প্রকৃতপক্ষে তিনি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে পাস করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সাদিয়া ইসলামসহ ১৪ জনকে বৈমানিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত এক বছরে এসব বৈমানিকের প্রশিক্ষণ ও বেতন মিলিয়ে বিমানের খরচ হয় কয়েক কোটি টাকা। একাধিক বৈমানিকের জাল সনদ জমা, লাইসেন্সিং পরীক্ষায় অকৃতকার্য হওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সাজিদ আহমেদ ও সাদিয়া ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।