‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এল নারীর জীবন ও পরিচয়ের গল্প
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তরুণ-তরুণীসহ বিভিন্ন কমিউনিটির লোকজন অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও উন্মুক্ত আলোচনা।
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৬’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেছে সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন। ‘রিমেম্বারিং মেমোরিজ, রিক্লেইমিং বডিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দলগত সাংস্কৃতিক পরিবেশনা ও গল্পের মধ্য দিয়ে নারীরা কীভাবে সামাজিকভাবে বদ্ধমূল ধারণা ও প্রত্যাশাকে চ্যালেঞ্জ করে সামনে এগিয়ে যান, তা তুলে ধরা হয়।
আয়োজনটি শুরু হয় দুপুর ১২টায়। আয়োজনে ছিল শিল্পপ্রদর্শনী, অংশগ্রহণমূলক আর্ট ইনস্টলেশন এবং শিল্পকর্ম ও খাবারের স্টল। আয়োজনে শিল্পী ইশরাত রউফের শিল্পকর্ম ‘বহুরেখা’ তৈরিতে দর্শকেরাও অংশ নেন। নিজেদের স্মৃতি, পরিচয় ও জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাঁরা শিল্পকর্মটি তৈরিতে সরাসরি অবদান রাখেন। বিকেলের পর্বে ছিল বিভিন্ন পরিবেশনা ও উপস্থাপনা। শারীরিক স্বাধীনতা, শৈশব, সামাজিক প্রত্যাশা কিংবা আত্মপরিচয়ের মতো বিষয়ের ওপর আয়োজন।
বিকেল ৪টা থেকে ছিল চারটি দলগত নৃত্যনাট্য (ড্যান্স-থিয়েটার) পরিবেশনা। জনজীবনে নারীর অংশগ্রহণ, লৈঙ্গিক ধারণা, ক্ষমতার কাঠামো, বাস্তুচ্যুতি, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা ও সম্মিলিত উদ্যোগের মতো বিষয় উঠে আসে এতে। এর মধ্যে ছিল পুরুষতান্ত্রিকতা ও নারীবাদ বিষয়ে নির্মিত ‘উইমেনস পলিটিকস অ্যান্ড উইমেন ইন পলিটিকস’; পুঁজিবাদ, ভোগবাদ ও নারীদেহ বিষয়ে ‘ইনসাইড দ্য লাইন’; বিশ্বাস, নারীবাদ ও ধর্মীয় রাজনীতি বিষয়ে ‘ডিড গড সে দিজ থিংস?’; এবং যুদ্ধ, সংঘাত, দেশত্যাগ ও নারীবাদ বিষয়ে ‘আফটার দ্য সাইলেন্স’।
এ ছাড়া ‘ফ্রম স্কোর টু স্টেজ’শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজ এবং আয়োজনের নেপথ্যের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।
তরুণ, নারী ও কিশোরীদের সহায়তা, অন্তর্ভুক্তি এবং সৃজনশীল খাতের বিকাশে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রচেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শিল্পী ও দর্শকদের একসঙ্গে অংশ নেওয়ার সুযোগের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার একটি পরিসর তৈরি করা এ আয়োজনের লক্ষ্য।
আলোচনা, শিল্পচর্চা ও বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে, বিভিন্ন মানুষের কথা তুলে ধরতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিল্প ও সংস্কৃতির ভূমিকা তুলে ধরছে।