ঢাকা-হায়দরাবাদ রুটে ফ্লাইট বাড়াল ইন্ডিগো
যাত্রী বাড়ায় ঢাকা-হায়দরাবাদ রুটে ফ্লাইটসংখ্যা বাড়িয়েছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস। এখন থেকে এ রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
সংস্থাটির জেনারেল সেলস এজেন্ট রেনেসাঁ অ্যাভিয়েশন সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম জানিয়েছেন, সংস্থাটি প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি বেলা ২টায় ছেড়ে যাবে এবং বিকেল ৪টা ১০ মিনিটে (স্থানীয় সময়) হায়দরাবাদে পৌঁছাবে।
ইন্ডিগো প্রতিদিন ভারত ও ভারতের বাইরে ৯৭টি গন্তব্যে (৭৩টি অভ্যন্তরীণ ও ২৪টি আন্তর্জাতিক) ১ হাজার ৫০০টি ফ্লাইট পরিচালনা করে।
যাত্রী পরিবহনে এয়ারলাইনসটি ২৩২ আসনের এয়ারবাস (এ-৩২১) ব্যবহার করে। ঢাকা-হায়দরাবাদ ছাড়াও ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে ৪টি, ঢাকা-দিল্লি রুটে ৭টি, ঢাকা-মুম্বাই রুটে ৪টি এবং ঢাকা-কলকাতা রুটে ১২টি ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।