ঢাকা-চট্টগ্রাম নতুন ট্রেন চালু সিদ্ধান্ত পর্যন্তই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন এক জোড়া ট্রেন চালানোর নীতিগত সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া থমকে আছে। কবে নাগাদ এই ট্রেন চালু হবে, নিশ্চিত করে বলতে পারছেন না রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে গুরুত্বপূর্ণ এই রুটে বিরতিহীন ট্রেন চলাচল নিয়ে অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

রেলওয়ের পূর্বাঞ্চল সূত্র জানায়, রেলের বিদ্যমান ইঞ্জিন ও কোচ দিয়েই এ দুটি বিরতিহীন ট্রেন পরিচালনা করার বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে সিদ্ধান্ত হয়। নতুন এক জোড়া ট্রেন চালানোর বিষয়ে গত জানুয়ারিতে রেল ভবন থেকে চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে একটি সময়সূচিও তৈরি করা হয়েছে। এরপর এ-সংক্রান্ত প্রস্তাবও তৈরি করা হয়। তবে তা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সম্পূর্ণ নতুন ট্রেন পরিচালনার প্রক্রিয়া সময়সাপেক্ষ ও জটিল। এর সঙ্গে অনেক কিছু জড়িত। বিশেষ করে পর্যাপ্ত ইঞ্জিন ও কোচ থাকতে হয়, ট্রেনের টিকিটের ব্যবস্থা, ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত পর্যাপ্ত জনবল থাকা, বিদ্যমান পরিস্থিতিতে ট্রেনের সময়সূচি নির্ধারণ করতে হয়।

রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ট্রেনের বিষয়ে একটি বিশেষ প্রস্তাবনা ও নতুন সময়সূচি প্রণয়ন করতে বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ থেকে গত জানুয়ারি মাসে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, পরিবহন বিভাগ সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেসের রেক (একাধিক কোচ, ইঞ্জিন মিলে একটি রেক) দিয়ে ট্রেন চলাচলের জন্য একটি সময়সূচি প্রস্তাব করেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, নতুন ট্রেন পরিচালনার সঙ্গে ইঞ্জিন ও কোচের বিষয় জড়িত। ট্রেনের সুবিধা বাড়ানোর জন্য দেশের বাইরে থেকে নতুন কোচ কেনা হচ্ছে। তবে এখনো রেল ভবন থেকে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে কোনো নির্দেশনা পাননি।

এদিকে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেসের রেক দিয়ে নতুন ট্রেন পরিচালনার কথা থাকলেও গত ১৬ এপ্রিল কুমিল্লার হাসানপুরে ট্রেন দুর্ঘটনায় পড়ে সোনার বাংলা এক্সপ্রেস। এতে ট্রেনটির সাতটি বগি ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে নতুন বগি দিয়ে ট্রেনটি চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোর মেরামতের কাজ চলছে। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার কারণে নতুন ট্রেন চালুতে সময় লাগছে কি না, জানতে চাইলে মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনার কারণে দেরি হচ্ছে না।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বর্তমানে যেসব ট্রেন রয়েছে, তাতে যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ট্রেনে পর্যাপ্ত আসন না থাকায় চেষ্টা করেও টিকিট পান না শত শত যাত্রী।

তাঁদের বাধ্য হয়ে বেশি ভাড়ায় ও নানা ভোগান্তি ও ঝুঁকি নিয়ে সড়কপথে যাতায়াত করতে হয়। তাই নতুন একটি ট্রেন চালুর দাবি অনেক দিনের।  

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে ছয় জোড়া আন্তনগর ও দুই জোড়া মেইল ট্রেন চলাচল করে। আর সর্বশেষ ২০১৬ সালের ২৫ জুন এই রুটে সোনার বাংলা এক্সপ্রেস চালু করা হয়েছিল। রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের তৈরি করা সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশে একটি ট্রেন এবং ঠিক একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে আরেকটি ট্রেন ছাড়বে। নতুন ট্রেনের কারণে তূর্ণা এক্সপ্রেসের সময়সূচির পরিবর্তন হবে। নতুন ট্রেন চালু হলে বর্তমানে রাত ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেস ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে।  

এ ছাড়া এখন সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তখন এই ট্রেন ছাড়বে বিকেল সাড়ে ৪টায়। আর ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস বিকেল ৫টার পরিবর্তে সাড়ে ৪টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।