ঈদে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবে না: আইজিপি
ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘মহাসড়কে নছিমন, ভটভটি ইত্যাদির চলাচল বন্ধ থাকবে।’
আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন আইজিপি।
সভায় আইজিপি যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে ও পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের প্রতি অনুরোধ জানান। মালিক ও শ্রমিকনেতারা ঈদে যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় আইজিপি বলেন, ‘আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’
পরে আইজিপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের সঙ্গে এক ভার্চ্যুয়াল সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে উল্লেখ করে আইজিপি এ ক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
আইজিপি বলেন, বিপণিবিতান, শপিং মল ও বাজারের নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে হবে। ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসাবাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ তিনি। পাশাপাশি ঈদের জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।