বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ২৪০ ডিজিট, ভোগান্তি গ্রাহকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিপেইড স্মার্ট মিটার
ছবি: হেক্সিং ইলেকট্রিক্যালের সৌজন্যে

পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। গ্রাহকেরা বলছেন, বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। রিচার্জ করার সময় তাঁদের স্বাভাবিকের চেয়ে ১২ গুণ দীর্ঘ ডিজিট চাপতে হচ্ছে। আর তা করতে গিয়ে তিনবার ভুল হলে মিটার লক হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ হওয়ার পর থেকে এই সমস্যা হচ্ছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

সাভারের তালবাগ এলাকার বাসিন্দা শওকত হোসেন প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুতে আগে রিচার্জ করতে গেলে ২০টি সংখ্যা আসত। ওই সংখ্যা লিখে রিচার্জ করা যেত। এখন ২৪০টি সংখ্যা আসছে। সব কটি লিখে রিচার্জ করতে হচ্ছে।
শওকত হোসেন বলেন, তাঁর বাসায় মোট ২৪টি মিটার রয়েছে। সব কটিতেই একই ধরনের সমস্যা। শুধু তা–ই নয়, আশপাশের অন্যরাও একই ধরনের সমস্যায় পড়েছেন।

গ্রাহকেরা বলছেন, ২৪০টি সংখ্যা লিখতে গেলে কোথাও ভুল হলে আবার নতুন করে এতগুলো সংখ্যা লিখতে হচ্ছে। এভাবে তিনবার ভুল করলে মিটার লক হয়ে যাচ্ছে। তখন ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নতুন মূল্য নির্ধারণ করার পর নতুন প্রোগ্রাম করা হয়েছে। সে জন্য এত সংখ্যা আসছে।

যাঁরা সফটওয়্যারটি দেখভাল করেন, বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা তাঁরা যাচাইবাছাই করছেন।

আবুল কালাম আজাদ বলেন, অসুবিধা সবারই হচ্ছে। কীভাবে তাড়াতাড়ি জটিলতার সমাধান করা যায়, সফটওয়্যার কোম্পানি দেখছে।