মেসেঞ্জারে কথা-কাটাকাটির জেরে মারামারি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফেসবুক মেসেঞ্জার গ্রুপে কথা-কাটাকাটির জেরে তিন বন্ধুর মারামারির ঘটনা ঘটেছে। তাঁরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মারামারিতে আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাগর। তিনি প্রথম আলোকে বলেন, গত সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইমাম গাজ্জালী কলেজের সামনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হন তিনি। তাঁরা হলেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের দীপ পাল ও সিফাত চৌধুরী।

ঘটনার বিষয়ে জানতে দীপ পাল ও সিফাত চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

মোহাম্মদ সাগরের অভিযোগ, মেসেঞ্জার গ্রুপের বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ঘটনার রেশ ধরে তাঁর ওই সহপাঠীরা ইমাম গাজ্জালী কলেজের সামনে ডেকে নেয় তাঁকে। সেখানে তাঁকে মারধর করা হয়। এতে তার ডান চোখের পাশের অংশ ফেটে যায়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি বিভাগীয় প্রধানকে জানানো হয়েছে।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। তবে ফোনে একটি বার্তা পেয়েছেন যাতে কারও নাম নেই। এ ধরনের ঘটনায় ছাত্রকল্যাণ দপ্তরে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।

মোহাম্মদ সাগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত দুজন শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক শিক্ষার্থী। এ ঘটনা নিয়ে গত মঙ্গলবার রাতে দুই হলের শিক্ষার্থীদের মাঝে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।