রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল চারটা পর্যন্ত।
ভোট শুরুর আগেই সিটি করপোরেশনের শাহ্ মখদুম কলেজ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেল। বিশেষ করে, নারী ভোটারদের।
কেন্দ্রটির সারিতে দাঁড়িয়ে থাকা একাধিক ভোটারের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা জানালেন, তাঁদের কেন্দ্রে নিয়ে এসেছেন সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসানের অনুসারীরা।
মেহেদী হাসানের নির্বাচনী প্রতীক টিফিন ক্যারিয়ার। শাহ্ মখদুম কলেজ কেন্দ্রের সারিতে দাঁড়িয়ে থাকা ভোটারদের অধিকাংশের গলায় টিফিন ক্যারিয়ার প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।
রাজশাহী সিটি করপোরেশনের সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭।
সিটি করপোরেশনের মোট ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। হিজড়া ভোটার ৬ জন।
সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান, জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার।