ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সা’দ উদ্দীনের ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম সা’দ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে অধ্যাপক সা’দ উদ্দীনের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জুমা অধ্যাপক সা’দ উদ্দীনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
সা’দ উদ্দীন ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক সাম্রাজ্যবাদবিরোধী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও স্বৈরাচারবিরোধী প্রগতিশীল আন্দোলন এবং প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ অনেক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অধ্যাপক সা’দ উদ্দীনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক সা’দ উদ্দীন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুম অধ্যাপকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।