সময়ের মুখ
সরকারি সংস্থা তো কিছু করে না, বসে বসে বেতন নেয়
সড়কে বের হলেই যানবাহনের ভেঁপুর শব্দে কান ঝালাপালা। চট্টগ্রামবাসী যেন তা মেনে নিয়েই শহরে বাস করছে। কিন্তু একজন প্রতিবাদে পথে নেমেছেন, সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়, অনশনও করছেন—তিনি সুজন বড়ুয়া, শহরের চান্দগাঁওয়ের বাসিন্দা। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সুজয় চৌধুরী।
প্রশ্ন :
শব্দদূষণ বড় সমস্যা। কিন্তু কেউ তো কিছু বলে না। আপনি পথে নামলেন কেন?
সুজন বড়ুয়া: বেশ কিছুদিন আগের কথা। সিএনজিচালিত অটোরিকশায় এক জায়গায় যাচ্ছিলাম। দেখলাম, চালক বারবার অপ্রয়োজনে হর্ন (ভেঁপু) বাজাচ্ছেন। নিষেধ করায় তিনি খেপে যান, তর্কে জড়ান। এরপর থেকে লক্ষ করি, অনেক চালকই অপ্রয়োজনে হর্ন বাজান। শুরুতে চালকদের বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু কাজ হলো না। কেউ পাত্তা দেয়নি। তাই পথে নেমেছি।
প্রশ্ন :
কবে থেকে কর্মসূচি পালন করছেন?
সুজন বড়ুয়া: গত ২১ জুলাই থেকে। প্রথমে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে চালকদের সঙ্গে কথা বলি। বেশির ভাগ চালকই কথা শুনতে চাননি। ১৭ আগস্ট নগরে প্রায় ১০ কিলোমিটার হেঁটে লংমার্চের মতো কর্মসূচি পালন করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শব্দদূষণের ভয়াবহতা তুলে ধরেছি। কাজ না হওয়ায় বাধ্য হয়ে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছি। বিভিন্ন কর্মসূচিতে সঙ্গে ছিল আমার দুই সন্তান—নবম শ্রেণি পড়ুয়া ছেলে অভিষেক বড়ুয়া ও সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে চন্দ্রিমা বড়ুয়া।
প্রশ্ন :
কোনো সংগঠন বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন?
সুজন বড়ুয়া: কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে যোগাযোগ করিনি। পরিচিত কয়েক জনের সঙ্গে শব্দদূষণ নিয়ে আলোচনা হয়েছিল। কেউ কেউ ইতিবাচক সাড়া দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছিলেন, এভাবে শব্দদূষণ বন্ধ করা যাবে না, সময় নষ্ট হবে। পরে একাই রাস্তায় বের হয়ে পড়ি।
প্রশ্ন :
পথে নামার পর কেমন সাড়া পেলেন?
সুজন বড়ুয়া: অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দারুণ সাড়া পেয়েছি।
প্রশ্ন :
সন্তানদের সঙ্গে রাখার কারণ কী?
সুজন বড়ুয়া: আমি চাই আমার সন্তানেরা প্রতিবাদ করুক। এ কারণেই আমার কর্মসূচিতে তাদের রাখা। তাদের আমি জোর করিনি, নিজ থেকেই এসেছে।
প্রশ্ন :
আপনার পেশা কী?
সুজন বড়ুয়া: আমি মূলত অনলাইনে পণ্য কেনাবেচার কাজ করি। যেটুকু আয় হয়, তা দিয়েই টেনেটুনে সংসার চলে যায়।
প্রশ্ন :
কেনাবেচার ক্ষতি হচ্ছে না?
সুজন বড়ুয়া: সামান্য হয়েছে। তবে এই ক্ষতির চেয়ে শব্দদূষণের ক্ষতি অনেক বেশি।
প্রশ্ন :
শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, পুলিশ, বিআরটিএ—এসব সরকারি সংস্থা আছে।
সুজন বড়ুয়া: সরকারি সংস্থা তো কিছু করে না, বসে বসে বেতন নেয়। আমি বেতন নিই না। নিজের গরজেই রাস্তায় নেমেছি।
প্রশ্ন :
সরকারের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ আশা করেন?
সুজন বড়ুয়া: শব্দদূষণ প্রতিরোধে যেসব আইন রয়েছে, তা কার্যকর করতে হবে। পাশাপাশি প্রতি মাসে সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে। চালকদের প্রশিক্ষণ দেওয়া এবং তাঁরা আইন মানছেন কি না তা তদারক করাও জরুরি।
প্রশ্ন :
কত দিন কর্মসূচি পালন করবেন?
সুজন বড়ুয়া: শব্দদূষণ বন্ধ না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। আগামী সপ্তাহে আবার সন্তানদের নিয়ে মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি করব।