পাঠকের লেখা–৬
না থেকেও তাঁরা আছেন
প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও লেখা পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে—নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]
১৯৭১ সালের উত্তাল সময়। পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার পর থমথমে হয়ে আছে সারা দেশ। সে সময়ের কিছু স্মৃতি মনে জ্বলজ্বলে হয়ে আছে।
কুমিল্লা সেনানিবাসের দক্ষিণ পাশ দিয়ে কুমিল্লা শহরে যাওয়ার পথে কোটবাড়ি টু টমছম ব্রিজ রোডের ধনপুরে আমার পিতৃব্য সরাফত আলীর বেসাতি ছিল। পাকিস্তানি সেনাদের নৃশংস হত্যাকাণ্ড আর অত্যাচার চরম আকার ধারণ করলে আমার পিতৃব্য বড় রাস্তা থেকে তাঁর বেসাতি গুটিয়ে মদিনগর গ্রামে বাড়ির দহলিজে নিয়ে যান। তখন থেকেই গ্রামের সব মানুষের সন্ধ্যাকালীন গন্তব্য ওই বেসাতি ঘর।
যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আকাশবাণী, ভয়েস অব আমেরিকা আর বিবিসির খবরকে কেন্দ্র করে আলোচনা চলত সন্ধ্যা থেকে নিশুতি অবধি। সেখানে ক্বচিৎ আসতেন-যেতেন এলাকার মুক্তিযোদ্ধারাও। পাকিস্তানি সেনারা নানা কুমতলবে আর ছাগল-মুরগির সন্ধানে অনেক সময় কুমিল্লা সেনানিবাস থেকে এদিকে চলে আসত। মুক্তিযোদ্ধাদের আনাগোনার খবরটি রাজাকারদের মাধ্যমে ওদের কানে পৌঁছেছিল। সময়টা জুন-জুলাই মাস।
সেদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির রাত। গ্রামীণ সর্পিল রাস্তা ধরে কুমিল্লা সেনানিবাস থেকে সেনারা এসে ঝাঁপিয়ে পড়ল এই বেসাতি ঘরে। ওদের হাতে টর্চ। আমাদের দক্ষিণমুখী জানালা দিয়ে টর্চের আলোয় পাশের বাড়িতে ওদের নৃশংস অত্যাচার কিছুটা আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে পারছিলাম।
পরদিন সকালে আমাদের পারিবারিক কবরস্থানে গিয়ে দেখি, কামরাঙার মতো লাল রঙের একটা বস্তু। কিশোর বয়সের দুরন্তপনায় জিনিসটা হাতে নিয়ে দেখছি। তখনই লক্ষ করলাম, এলাকার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মা হন্যে হয়ে কী যেন খুঁজছেন। আমার হাতে জিনিসটা দেখে তিনি একদৌড়ে আমার কাছে চলে এলেন। তাঁর কথায় বুঝতে পারলাম, এটা মুক্তিযোদ্ধাদের গ্রেনেড। আগের রাতে সেনাদের হাতে ধরা পড়ার আগমুহূর্তে তাঁরা কবরস্থানের পাশে ধানখেতে সেগুলো ফেলে দিয়েছিলেন। রাজ্জাক পরদিন ভোরে মাকে পাঠিয়েছিলেন গ্রেনেডগুলো উদ্ধার করতে। কবরস্থানের পাশে ধানখেতে পড়ে থাকা আরও দুটি গ্রেনেড খুঁজে পেলাম। সেগুলো রাজ্জাকের মায়ের হাতে তুলে দিলে তিনি কাপড়ের পুঁটলিতে বেঁধে নিয়ে চলে যান।
এরপর গেলাম সরাফত চাচার বেসাতি ঘরে। গিয়ে দেখি সব লন্ডভন্ড। হামলাকারীরা ঘরের সিলিং পর্যন্ত উঠে টাকাপয়সা, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে গেছে। সে রাতে বেসাতি ঘর থেকে এবং আমাদের মদিনগর গ্রামের বাড়ি বাড়ি হানা দিয়ে ২৬ জনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। তাঁদের ওপর চালায় বর্বর নির্যাতন। ১৯ দিন ধরে তাঁদের ওপর নির্মম নির্যাতন চলে।
এরপর কেউ কেউ ফিরে আসেন। কিন্তু ফিরে আসতে পারেননি অমায়িক সুবোধ যুবক অহিদ মিয়া, সহজ-সরল আবদুল মান্নান, তরুণ ছাত্র শরীফ, ব্যবসায়ী আবদুল মজিদ, খেটে খাওয়া কৃষক রজ্জব আলী আর আছমত আলী। যাঁরা ফিরে আসতে পেরেছিলেন, আমি নিজের চোখে তাঁদের করুণ অবস্থা দেখেছি। কারও শরীরে একরত্তি জায়গাও ছিল না, যেখানে পাকিস্তানি সেনাদের অত্যাচারের দগদগে দাগ পড়েনি। আঘাতে আঘাতে প্রত্যেকের শরীর ঝাঁজরা হয়ে গিয়েছিল।
আরও অনেকের মতো আমাদের লাল-সবুজের পতাকার পেছনে শরীফ, অহিদ, মান্নান, মজিদ, আছমত আলী আর রজ্জব আলীদের নাম দেশের অনেকেই জানেন না। গ্রামের সহজ-সরল এ রকম কত কত মানুষ যে দেশের জন্য এ রকম সর্বোচ্চ ত্যাগ করে গেছেন! তাঁরা হয়তো সরাসরি কেউ যুদ্ধ করেননি। কিন্তু দেশকে ভালোবেসেছিলেন। বাংলাদেশ তাঁদেরও রক্তের ওপর স্বাধীন হয়েছে।
যেসব নিরীহ মানুষ জীবন দান করে বাংলাদেশকে রূপ দিতে ভূমিকা রেখেছেন, মদিনগর গ্রামে তাঁদের স্মৃতি রক্ষা করার জন্য কোনো স্মৃতিস্তম্ভ নেই। এমন বহু নাম না জানা শহীদের স্মরণেই হয়তো কোনো স্মৃতিস্তম্ভ নেই। কিন্তু তাঁরাও তো আমাদের গর্বিত বিজয়ের অংশীদার। আমাদের গ্রামের কথাই যদি ধরি, এই ছয় শহীদের নাম গ্রামের অনেকেই এখন আর জানেন না। জানেন না যে মুক্তিযুদ্ধে এই গ্রামেরও আত্মত্যাগ আছে।
এসব শহীদের নাম আমাদের কারও কারও স্মৃতিতে এখনো অনির্বাণ। আমাদের হৃদয়ে তাঁরা নিরন্তর জ্যোতির্ময়।
মো. আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত পরিচালক (অর্থ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা