রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রকল্প বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চায় ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় বক্তব্য দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত। যুক্তরাষ্ট্র, ১৯ মে
ছবি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সৌজন্যে

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য হাতে নেওয়া পাইলট প্রকল্প বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এই প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের সমাজে একীভূত হতে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত। গতকাল শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় মোখা–পরবর্তী সময়ে মিয়ানমারের বর্তমান মানবিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়।

জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ডেম বারবারা উডওয়ার্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবদুল মুহিত বলেন, ‘আমরা জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য হাতে নেওয়া পাইলট প্রকল্পের সমর্থন করতে এবং এ প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের সমাজে পুনরায় একীভূত হতে সহায়তা করতে আহ্বান জানাই।’

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত আরও বলেন, ‘রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন করতে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। এই প্রকল্পের আওতায় একদল রোহিঙ্গা প্রথম ধাপে মিয়ানমারে ফিরে যাবে। পর্যায়ক্রমে অন্যদেরও প্রত্যাবাসন করা হবে।’

এদিকে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার পর তারা যেন আবার সেখানে নিপীড়নের মুখে না পড়ে, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানান আবদুল মুহিত। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে, স্বেচ্ছায়, টেকসইভাবে এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তনের প্রতি সমর্থন জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।