কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দোহা থেকে ঢাকায় ফিরেছেন।
গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক–সমবেদনা জানাতে এক সংক্ষিপ্ত সরকারি সফরে ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান স্পিকার।
শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা। কাতারের বর্তমান আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা গত মঙ্গলবার হস্তান্তর করেন স্পিকার।
স্পিকার এ সময় কাতারের আমিরসহ শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি কাতারের প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
১২ জুলাই শেখ হামাদ ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে গতকাল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।