ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সরকার সচেষ্ট: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘সামাজিক মাধ্যমগুলোতে ছড়ানো গুজব ও ঘৃণা থেকে বাংলাদেশ মুক্ত নয়। তাই এসব প্রতিরোধে সরকার গত কয়েক বছর আগেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছিল। তবে এই আইনের কিছু অপব্যবহারও হয়েছে। সরকার এই আইনের অপব্যবহার রোধে সচেষ্ট। আমাদের লক্ষ্য, এই আইনের সঠিক ব্যবহার।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ‘ঘৃণা ও গুজব প্রতিরোধে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকায় কানাডা হাইকমিশনের সহায়তায় ওমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি) ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
শাহরিয়ার আলম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে। ২০ বছর আগে এটা কেউ বিশ্বাস করতে চাইত না। সামাজিক মাধ্যমে গুজব ও ঘৃণা প্রতিরোধের আইন নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। অনেক সময়ই গণমাধ্যম ও মানবাধিকারকর্মীরা এ আইনের অপব্যবহারের শিকার হয়েছেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সংবাদ প্রকাশের আগে তা যাচাইয়ে গণমাধ্যমের কর্তাব্যক্তিদেরও সচেতন হতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া কোনো ঘটনা থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের দায়িত্বশীল হতে হবে। গুজব নির্মূলের জন্য তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সাইবার বুলিং একটি সমস্যা। বাংলাদেশের মতো কানাডাতেও মহিলা রাজনীতিবিদ ও সাংবাদিকেরা অনলাইনে ঘৃণার সম্মুখীন হয়েছেন। সুতরাং বৈশ্বিকভাবেই এটি গুরুত্বপূর্ণ ইস্যু।’
জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।