গুম মানবতাবিরোধী অপরাধ, এর বিচার একদিন হবেই: জাতীয় মুক্তি কাউন্সিল
রাষ্ট্রীয় হেফাজতে হত্যা, গুম করে সারা দেশে এক ভয়ের সংস্কৃতি জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটি বলেছে, এই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক গুমবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কথাগুলো বলেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে সুস্থ দেহে ফিরিয়ে দিতে হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যা মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের বিচার এ দেশে একদিন হবেই।
ফয়জুল হাকিম বলেন, জনগণের সভা–সমাবেশ–সংগঠন করার স্বাধীনতা খর্ব করতে সরকার দেশে বিনা বিচারে আটক, নির্যাতন, রাষ্ট্রীয় হেফাজতে হত্যা, গুম করে সারা দেশে এক ভয়ের সংস্কৃতি জারি করেছে। এই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানহারা মায়ের ডাককে ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের ডাকে পরিণত করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকার বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যা করে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। ইউপিডিএফ নেতা ও জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠক মাইকেল চাকমাকে সুস্থ দেহে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা বলেন, গুমের শিকার ব্যক্তিদের ‘আয়নাঘরে’ আটক রাখার যে সংবাদ নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, তার জবাব সরকারকে দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন চালাতে অতীতে ‘মাটির ঘর’ নামে গোপন জেলখানায় নির্যাতন চালানো হয়েছে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন বলেন, এই সরকারকে গণ–আন্দোলনের মাধ্যমে হটিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে তোপখানা রোডে এসে শেষ হয়।
সমাবেশ পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশিষ চাকমা।