সাবেক সচিব আবু আলম শহীদ খানের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব হিসাবে ৫ লাখ ৪৬ হাজার ২৪৭ টাকা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি তাঁর নিজ নামে অর্জিত এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট হিসাবগুলোর অর্থ যেকোনো সময় উত্তোলন করে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।