কারওয়ান বাজারে মুন্নী সাহাকে আটকের ভিডিওটি পুরোনো

ছবি কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহা আটক হয়েছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি প্রচার হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাচাই করে দেখা গেছে, এটি সাম্প্রতিক নয়, এ ভিডিও দেড় বছর আগের।

‘GM Tahsin’ নামের একটি ফেসবুক পেজ থেকে ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও গতকাল মঙ্গলবার পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল, ‘কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহা আটক’।

ভিডিওটি এরই মধ্যে দুই লাখের বেশিবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের বেশিবার। এই পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৬ হাজার ৩০০, মন্তব্য করেছেন ১ হাজার ৩০০ জন।

ভিডিওটি এখনকার ধরে নিয়ে মন্তব্যের ঘরে মোহাম্মদ আলি নামের একজন মন্তব্য করছেন, ‘সাংবাদিক হিসেবে উনি বাংলাদেশের জনগণের জন্য কী করছেন, এ বিষয়ে উনাকে পরিষ্কার করতে হবে।’ মাসুদ নামের একজন মন্তব্য করেছেন, ‘তাকে রিমান্ডে নিয়ে তথ্য বের করা উচিত!’

এমন ভিডিও আরও ২০টির বেশি পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার ও পোস্ট হয়েছে। মন্তব্যও করেছেন অনেকে। কোনো কোনো পোস্ট থেকে এটি ৯ লাখের বেশিবার দেখাও হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক

যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের। একাধিক সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়েছিল।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

২০২৪ সালে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ নভেম্বর রাত সাড়ে ৯টায় রাজধানীর কাওরান বাজারে একদল লোক আটক করে মুন্নী সাহাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে গিয়েছিল।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

২০২৪ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদন
ছবি: প্রতিবেদনের স্ক্রিনশট

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন তখন প্রথম আলোকে বলেছিলেন, সাংবাদিক মুন্নী সাহা আজ শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে অবশ্য মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই খবরও আসে সংবাদমাধ্যমে।

২০২৪ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদন
ছবি: প্রতিবেদনের স্ক্রিনশট

সুতরাং মুন্নী সাহা আটক হয়েছেন দাবি করে যে ভিডিওটি ছড়াচ্ছে, তা এখনকার নয়।

মুন্নী সাহাকে ৮ ও ৯ মে অনুষ্ঠিত মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে’ অংশ নিতে দেখা গিয়েছিল।

লিংক