‘সড়কে বোন মারা যাওয়ার পর থেকে ব্যাগে চিরকুট নিয়ে ঘুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোনের মৃত্যুর পর থেকে পরিচয় লেখা চিরকুট ব্যাগে রাখেন তাসফিয়া
ছবি: সংগৃহীত

উদ্যোক্তা তাসফিয়া আফরোজ ব্যাগে সব সময় একটি চিরকুট রাখেন। তাতে নাম ও পরিচয়, মা–বাবা ও স্বামীর মুঠোফোন নম্বর লেখা। ২০২১ সালের ২৬ ডিসেম্বর ছোট বোন জেসিয়া আরফিন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি ব্যাগে চিরকুট রাখা শুরু করেন।

ব্যবসার প্রয়োজনে প্রায় একা ভ্রমণ করতে হয় তাসফিয়াকে। তিনি বলেন, ‘বোন মারা যাওয়ার পর থেকে রাস্তায় বের হলেই মনে হয় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় মরে থাকলেও তো কেউ চিনতে পারবে না। পরিবারকে খবরটাও দিতে পারবে না। তাই নিজের পরিচয় ও কয়েকটি ফোন নম্বর লিখে রাখি। অন্তত বাবা, মা তো জানতে পারবেন যে আমি মরে গেছি। ছোট বোনের সঙ্গে মা ছিলেন বলে সঙ্গে সঙ্গে খবরটা জানতে পেরেছিলাম।’

তাসফিয়া আফরোজ
ছবি: সংগৃহীত

যশোরের মেয়ে জেসিয়া আরফিন ঝিকরগাছা থানার মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন সে দশম শ্রেণির ছাত্রী। সে ও তার মা একটি ভ্যানে ছিল। ভ্যানকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে জেসিয়া মূল সড়কে ছিটকে পড়ে। মা আর ভ্যানচালক অন্য পাশে পড়ায় তাঁদের তেমন কোনো ক্ষতি হয়নি।

তাসফিয়া আফরোজ প্রথম আলোকে বলেন, ‘২০০২ সালে থ্যালাসেমিয়াতে আক্রান্ত ১২ বছরের ছেলেকে হারিয়েছেন মা। এর পর থেকে মা অনেকটা ভেঙে পড়েন। এরপর ২০২১ সালে আরেক ধাক্কা। এ ঘটনার পর থেকে মা এখনো স্বাভাবিক হতে পারেননি। দুর্ঘটনা ঘটার আগেই বোন এক জায়গায় নেমে অন্য রাস্তা দিয়ে যেতে চেয়েছিল। মা ভ্যানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর চোখের সামনেই মেয়েকে মারা যেতে দেখেন।’

মাত্র ১৫ বছর বয়সী ছোট বোনের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তাসফিয়া। তাঁর উদ্যোক্তাজীবনের অনেক কাজই গুছিয়ে দিত জেসিয়া। দুর্ঘটনার দিনও কুরিয়ারে পণ্য ডেলিভারি দিয়ে বাড়ি ফিরছিল। অন্য দিন সে একাই যাতায়াত করত, ঘটনার দিন মাকে সঙ্গে নিয়ে গিয়েছিল।

তাসফিয়া বললেন, ‘আমার সঙ্গে বের হলে আমি ওকে সব সময় ভ্যানের বাম পাশে বসাতাম। যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও ওর কম ক্ষতি হয়। ঘটনার দিন সে আম্মুকে জোর করে ভ্যানের বাম পাশে বসিয়ে নিজে ডান পাশে বসে। বলেছিল ওর কিছু হবে না।’

২০০৫ সালে ঈদুল আজহার দিন সন্ধ্যায় জন্ম হয়েছিল জেসিয়ার। তাসফিয়া বলেন, ‘সংসারের প্রয়োজনে নিজে উদ্যোক্তা হলাম আর আমার কাজ করতে গিয়েই বোনটা মরে গেল। এটা আমি কোনোভাবেই মানতে পারি না।’

দুই বোন মজার ছলে দেয়ালে আঙুলের ছায়ায় তৈরি করেছিলেন ভালোবাসার প্রতীক
ছবি: সংগৃহীত

দেশে করোনা শুরু হলে সংসারের হাল ধরার জন্য ১০০ টাকার গোলাপ ফুল কিনে উদ্যোক্তাজীবন শুরু করেছিলেন তাসফিয়া আফরোজ। চলতি বছর বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১-এর মাধ্যমে তাসফিয়া ভারতের অন্ধ্র প্রদেশের ড. ওয়াইএসআর হর্টিকালচার ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নেন। বর্তমানে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।

একেকটি দুর্ঘটনা ঘটে, তারপর তা নিয়ে আলোচনা চলতে থাকে। বড় দুর্ঘটনা হলে আলোচনাটা একটু বেশি দিন স্থায়ী হয়। বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপও নেয়।

তাসফিয়া বললেন, ‘স্বজন হারানোর যে কষ্ট, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সবাই চুপ হয়ে গেলেও পরিবারগুলো যন্ত্রণাটা বয়ে বেড়ায় সারা জীবন। আমরা তো ভুলতে পারছি না বোনের মৃত্যুর কথা।’

সড়ক দুর্ঘটনায় আর কেউ যেন স্বজন না হারায়, তাসফিয়ার পরিবার তাই চায়। তাসফিয়া বলেন, ‘আগে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে এ ধরনের খবর শুনলে তা স্বাভাবিকভাবেই নিতাম। কিন্তু এখন আর তা নিতে পারি না। মনে হয়, আহারে, কারা যেন স্বজন হারাল।’