নবাবগঞ্জের নিশকাইন্দা ভূতদেবতা
নিশকাইন্দা উবু হয়ে শুয়ে আছে, চার হাত-পা চারদিকে ছড়িয়ে। তার পেছনের অংশে লেজের মতো করে গজিয়ে ওঠা পাকুড়গাছ ডালপালা মেলে ছায়া দিচ্ছে শরীরের খানিকটা অংশে। ডাল–পাতার ফাঁক গলিয়ে আসা মাঝবেলার খররোদ আর ছায়া ছক কেটেছে নিশকাইন্দার পিঠে। পূর্বদিকে ছোট্ট তুলসী মঞ্চ। সেখানে আধপোড়া মোমবাতি আর গোটাকতক চিনির বাতাসা রাখা। পিঁপড়ার দল সারি বেঁধে এসে ভোগে বসে গেছে। বেশ নিরিবিলি পরিবেশ।
নবাবগঞ্জ শহর থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে দোহার-নবাবগঞ্জ সড়কের দক্ষিণে ইমামনগর সেতুর দক্ষিণ পাশেই এই নিশকাইন্দা দেবতার থান। দোহার যেতে দূর থেকে সেতুর পাশে পাকুড়গাছের মাথায় তুলে রাখা লাল নিশান চোখে পড়ল। কৌতূহলী হয়ে সেখানে যেতেই গাছতলায় নিশকাইন্দার অদ্ভুত দর্শন মূর্তির দেখা। সচরাচর যেমন দেবদেবীর মূর্তি দেখা যায় নিশকাইন্দার মূর্তি তার চেয়ে একেবারেই আলাদা।
কোনো বেদি, কোনো মন্দির, এমনকি কোনো ছাউনিও নেই। খোলা আকাশের নিচে মাটির ওপর মাটির ঢিবির মতো করে উত্তর-দক্ষিণে লম্বা বিশাল আকারের এক চতুষ্পদ প্রাণীর আকৃতি তৈরি করা। লম্বা প্রায় ৩০ ফুট, উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। মাথা উত্তরে, অনেকটা ত্রিভুজ আকারের। চোখ, মুখ স্পষ্ট কোনো কিছু নেই। সামনের দিকে সিঁদুর মাখানো একটি কাঠের গজাল পোঁতা। তার দুই পাশে মাটি দিয়েই দুটো করে এবং মাঝখানে একটি রিং তৈরি করা। তাতে লাল হলুদ রং করা। মাঝের রিংটিতে একটি শুকনো গাঁদা ফুলের মালা জড়ানো। এগুলোই সম্ভবত চোখ–নাকের আভাস। পিঠের ওপর ভাগ সমতল। সেখানেও কয়েকটি লাল হলুদ ফুটকি আর রেখা টানা। চারদিকে ছাড়িয়ে রাখা হাত-পায়েও লাল-হলুদ রঙের মাটির বালা পড়ানো।
নিশকাইন্দার মূর্তির অদূরে ছোট আকারে একটি মন্দির। লোহার কেচিগেট তালা দেওয়া। ভেতরে সিংহবাহিনী দেবীমূর্তি। সেখানে চৌকাটে সেবাইতের মুঠোফোন নম্বর লেখা। সেই সূত্রেই তাঁর সঙ্গে কথা হলো নবাবগঞ্জের মাঝিরকান্দা বাজারে। তাঁর নাম আনন্দ সরকার। ‘জয় স্টোর’ নামে মুদিখানা কাম হালকা খাবারের দোকান আছে তাঁর।
বহু শতাব্দী ধরে নবাবগঞ্জের এই নিশকাইন্দার পূজা চলছে বলে জানালেন জয় সরকার। বংশপরম্পরায় তাঁরা এই দেবতার সেবাইত। নিশকাইন্দা আসলে ভূতদেবতা। দেবাদিদেব মহাদেব কোনো এক কালে নিশকাইন্দা রূপে আবির্ভূত হয়েছিলেন। মূর্তিটি অনেকটা সিংহের আকৃতির। চড়ক পূজার সময় নিশকাইন্দার পূজা হয়। প্রতিবছর চৈত্রসংক্রান্তির দিনে পূজা শুরু হয়, তিন দিন ধরে চলে। পূজা উপলক্ষে এখানে অনেক বড় মেলা বসে। বিচারগানের আসর হয়। প্রতিদিন রাতে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া সারা বছর রোজ সন্ধ্যায় নিশকাইন্দার থানে মোমবাতি জ্বালানো এবং বাতাসার ভোগ দেওয়া হয়। নিশকাইন্দা এই এলাকার ঐতিহ্য বলে জানালেন জয় সরকার। আর বেশি কিছু জানা গেল না তাঁর কাছে।
নিশকাইন্দা সম্পর্কে একটু বিশদ তথ্যের জন্য গুগল করে জানা গেল এটি একটি অপদেবতা। ঢাকার দোহার, নবাবগঞ্জ এবং ধামরাইয়ের কিছু এলাকায় নিশকাইন্দার পূজা হয়। কলকাতার খড়ি প্রকাশন থেকে প্রকাশিত মৃগাঙ্ক চক্রবর্তীর ‘বাংলার দেবতা, অপদেবতা ও লোকদেবতা’ বইটিতে নিশকাইন্দার কাছাকাছি আরেকটি ভূতদেবতার উল্লেখ পাওয়া গেল ‘নিশিকান্ত’ নামে। এটিও স্থানীয় অপদেবতা। নদিয়া এলাকার ফুলিয়া গ্রামে এই নিশিকান্তের থান। তবে আদিতে নিশিকান্তর পূজা হতো বাংলাদেশের টাঙ্গাইল জেলার বামনকুইটা গ্রামে। সেই গ্রামের বসাক পরিবার কয়েক শতাব্দী ধরে ভূতদেবতা নিশিকান্তের পূজা করতেন। দেশভাগের পর তাঁরা নদীয়া চলে যান। সেখানে গিয়ে নিশিকান্তের পূজার প্রচলন করেন। নদীয়ার নিশিকান্তের মূর্তির ছবির সঙ্গে অনেকটাই মিল আছে নবাবগঞ্জের নিশকাইন্দার মূর্তির। যেমন মিল রয়েছে উভয়ের নামের সঙ্গেও।
নিশকাইন্দার সঙ্গে শিবের সম্পর্কের কথা লোকমুখে প্রচলিত থাকলেও শাস্ত্রজ্ঞারা বলেছেন ভূতপূজার সঙ্গে আসলে মহাদেব শিবের কোনো সম্পর্ক নেই। বাঙালির ইতিহাস (আদিপর্বে) নিহাররঞ্জন রায় লোক দেবদেবীর পূজা সম্পর্ক বলেছেন সুপ্রাচীনকাল থেকেই বাংলার অনেক এলাকাতেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন দেবদেবী, গাছ, প্রাণী এসবের পূজার প্রচলন ছিল। এসবের কিছু লুপ্ত হয়েছে, কিছু রূপান্তরিত হয়েছে, কিছু বৈদিক দেবতার মর্যাদাও লাভ করেছে। ফলে অনুমান করা যাচ্ছে নবাবগঞ্জের নিশকাইন্দা বিলুপ্তির কবল থেকে টিকে যাওয়া এমনই এক প্রাচীন স্থানীয় লোকদেবতা বা অপদেবতা। ভূতের ভয় সাহসীদেরও কিছু আছে। তাই ভয়ে ভক্তিতে এখনো পূজিত হয়ে আসছে নবাবগঞ্জের নিশকাইন্দা।