রেজিয়া আহমেদ মারা গেছেন
সুপ্রিম কোর্টের প্রয়াত আইনজীবী ও স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশ সরকার (মালয়েশিয়া, লিবিয়া ও তিউনিসিয়ায়) নিযুক্ত রাষ্ট্রদূত জমিরউদ্দিন আহমেদের স্ত্রী রেজিয়া আহমেদ আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রেজিয়া আহমেদের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন। তিনি অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রেজিয়া আহমেদের জানাজা আগামীকাল রোববার জোহরের নামাজের পর ধানমন্ডির ১২/এ সড়কের তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে স্বামী ও কন্যার পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
রেজিয়া আহমেদ বাংলাদেশের অস্থির ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।
রেজিয়া আহমেদ প্রয়াত চিকিৎসক শামীম আহমেদের মা। তাঁর অন্য সন্তানেরা হলেন নাসিম আহমেদ, তাসনিম আহমেদ ও রফিক আহমেদ।