হামলা হচ্ছে, মামলা নিচ্ছে না পুলিশ
কোনো নাগরিকের ওপর হামলা হলে তাঁর অভিযোগ আমলে অপরাধীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেবে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব নেওয়ার পরপরই বিষয়টি পুলিশ কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরও ঢাকার বিভিন্ন থানায় মামলা না নিয়ে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ বেড়েছে। সাম্প্রতিক ছয়টি ঘটনায় এমনটি দেখা গেছে, যার মধ্যে হত্যাচেষ্টার মামলাও রয়েছে।
অভিযোগ রয়েছে, সাধারণত প্রভাবশালী ব্যক্তি, তাঁদের তদবির ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের অভিযোগ সহজেই মামলা হিসেবে নিয়ে নেয় থানা-পুলিশ। তবে যাঁদের পক্ষে প্রভাবশালীদের তদবির নেই, গরিব বা অসহায় ব্যক্তিদের মামলা না নিয়ে পুলিশ থানার বারান্দা থেকেই তাঁদের বিদায় করে দেয়।
ঢাকায় ভুক্তভোগীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশের এমন নেতিবাচক ভূমিকার কারণ অনুসন্ধানে কয়েক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, কোনো থানা এলাকায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বেড়ে গেলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভালো’ বা নিয়ন্ত্রণে আছে দেখাতে থানা-পুলিশ এসব ক্ষেত্রে কম মামলা গ্রহণ করে থাকে।
মামলা না নেওয়া এবং মামলা নিলেও আসামি গ্রেপ্তার না করে উল্টো তাঁদের সঙ্গে আপসরফা করার জন্য ভুক্তভোগীদের চাপ প্রয়োগের ঘটনাগুলো প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে।
ঘটনা-১
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত বীর বিক্রম বদিউল আলমের তেজগাঁওয়ের মণিপুরিপাড়ার বাড়িতে হামলা চালিয়েছিল একদল সন্ত্রাসী। এক মাস পরও ওই ঘটনায় মামলা নেয়নি তেজগাঁও থানার পুলিশ।
শহীদ বদিউল আলমের ছোট ভাই মাহবুব-উল-আলম প্রথম আলোকে বলেন, গত ২৭ অক্টোবর তাঁদের বাড়ির পাশের প্লটে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবনের নির্মাণকাজ চালানোর বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও আদালতে অভিযোগ করায় ওই হামলা চালানো হয়। হামলার সময় তাঁদের চারতলা ভবনের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সন্ত্রাসীরা বদিউল আলমের পরিবারের সদস্যদের অকথ্য গালাগাল ও হুমকি দেয়। তাদের হুমকি-ধমকিতে তাঁরা বাইরে যেতে ভয় পাচ্ছেন। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও আছে। এ বিষয়ে তিনি ২৮ অক্টোবর তেজগাঁও থানা ও তেজগাঁওয়ের উপকমিশনারের কাছে মামলার জন্য আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ তাঁর আবেদন মামলা হিসেবে গ্রহণ করেনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তদন্তে হামলা চালানোর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
ঘটনা-২
গত ২২ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেকশনের এ ব্লকে জাহিদ হাসান (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় জাহিদের বাবা হানিফ খান বাদী হয়ে ১৬ সন্ত্রাসীর নাম উল্লেখ করে পল্লবী থানায় হত্যা মামলা করেন।
হানিফ খান জানান, ঘটনার পর পুলিশ কয়েক আসামিকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি অভিযোগ করেন, ঘটনার ১৫ দিন পর মিরপুর ১০ নম্বরের এ ব্লকে আসামিপক্ষের লোকেরা ছেলের হত্যা মামলা তুলে নিতে তাঁকে (হানিফ খান) মারধর করেন। ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পল্লবী থানা তাঁর মামলা নেয়নি। উল্টো হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস কুমার কুণ্ডুর চাপের মুখে তিনি আসামিপক্ষের লোকের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন।
সম্প্রতি আবার আসামিপক্ষের লোকজন তাঁকে অনুসরণ করতে শুরু করেন বলে জানান হানিফ খান। এ ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার বিকেলে সন্ত্রাসীরা মিরপুর ১০ নম্বর এ ব্লকে তাঁর ওপর হামলা চালায় বলে জানান হানিফ। তিনি বলেন, হামলার বিষয়ে তিনি পল্লবী থানায় জানালে পুলিশ আসে। টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আসামিপক্ষের সঙ্গে সখ্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, বাদী নিজ থেকেই তাদের সঙ্গে আপসরফা করেছেন। আর হামলাকারীরা আসামিপক্ষের লোক নয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শনিবার রাতে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই।’ তবে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সঙ্গে বাদীর আপস করিয়েছেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
ঘটনা-৩
গত ২২ সেপ্টেম্বর রাজধানীর শাহ আলী থানার উত্তর বিশিলে মেহেদী হাসান (২১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিল সন্ত্রাসীরা। তিনি দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মেহেদীর বাবা রাফিউল ইসলাম বলেন, হামলাকারী শহীদুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে শাহ আলী থানায় হত্যাচেষ্টার মামলা করতে গেলে কয়েক দিন ঘুরিয়ে পুলিশ আর মামলা নেয়নি। পরে থানা-পুলিশের চাপের মুখে তিনি হামলাকারীদের সঙ্গে আপস করতে বাধ্য হন।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার তদন্তকারী শাহ আলী থানার এসআই রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চেয়েছিলাম আসামি ধরে মামলা নেব। কিন্তু এর আগেই ভুক্তভোগীর স্বজনেরা বিষয়টির মীমাংসা করে ফেলেছেন।’ আপনার চাপেই তাঁরা সন্ত্রাসীর সঙ্গে মীমাংসা করতে বাধ্য হয়েছেন—ভুক্তভোগীর বাবার এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসআই রবিউল বলেন, এ তথ্য ঠিক নয়। এখন আসামি পেলে তাঁকে গ্রেপ্তার করে আবার মামলা নেওয়া হবে।
আহত মেহেদী হাসানের বাবা রাফিউল ইসলাম অভিযোগ করেন, মেহেদী হাসানকে ছুরিকাঘাতে আহত করা যুবকদের অন্যতম শহীদুল ইসলামকে দেখিয়ে দেওয়ার পরও পুলিশ তাঁকে আটক করেনি।
ঘটনা-৪
মিরপুরের বাসিন্দা মখসিন উদ্দিন গত সেপ্টেম্বরের শেষ দিকে মিরপুর মডেল থানায় মামলা দায়েরের জন্য একটি আবেদন করেন। তাতে বলা হয়, তিনিসহ ১৮ জন মিরপুর ২ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের এফ ব্লকের ২৩ নম্বরের ৫ কাঠার প্লটের বায়নাসূত্রে মালিক। প্লটে তাঁদের আধা পাকা বাড়ি আছে। ওই বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানে থাকেন। গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী (পাঁচজনের নাম-ঠিকানা রয়েছে) অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য বাড়ির সামনের সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে দরজায় টোকা দেয়। এ সময় ভেতর থেকে দরজা খুলে না দিলে তারা দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা বাড়ির তত্ত্বাবধায়কের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে।
মখসিন উদ্দিন বলেন, হামলাকারীরা ওই বাসা থেকে স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে নেয়। তারা বাড়ির জানালা ভাঙচুর করে। বাড়িতে হামলা করার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে একপর্যায়ে মিরপুর থানার এসআই সোহেল রানা ও হাবিবুর রহমান আসেন। এরপর সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়। এসব ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। পরদিন এ বিষয়ে মামলার আবেদন লিখে নিয়ে থানায় যান তিনি। রাত সাড়ে ১১টা পর্যন্ত বসিয়ে রেখে থানার পরিদর্শক (তদন্ত) পরদিন আসতে বলেন। পরে আর তাঁর মামলা নেয়নি ওই থানার পুলিশ।
মখসিন উদ্দিন জানান, গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আবেদনপত্র নিয়ে দেখা করলে তিনি পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসিমউদ্দিন মোল্লা বরাবর সেই আবেদনপত্রের ওপর সুপারিশ করেন। পরে তাঁরা উপকমিশনারের সঙ্গে দেখা করলে মিরপুর থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু মিরপুর থানার ওসির কাছে গেলেও তিনি তাঁদের মামলা নেননি।
এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, যে প্লট নিয়ে ঘটনা, সেটি মখসিন উদ্দিনের নয়। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মখসিন উদ্দিনের করা আবেদনের তদন্ত করছেন পুলিশের মিরপুর অঞ্চলের একজন অতিরিক্ত উপকমিশনার।
ঘটনা-৫
গত ১২ অক্টোবর স্থানীয় একদল সন্ত্রাসী দারুস সালাম থানার লালকুঠি তৃতীয় কলোনিতে ফরিদ হোসেন নামের এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করে তাঁর কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
ফরিদ হোসেন বলেন, ওই ঘটনায় তাঁর স্বজনেরা দারুস সালাম থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি আদালতে মামলা করতে বাধ্য হন।
ঘটনা-৬
গত শনিবার ঢাকার অদূরে আশুলিয়ায় একটি পোশাক কারখানা থেকে টুকরা কাপড় কিনে নামিয়ে আনার সময় ঝুট ব্যবসায়ী এমদাদুল ইসলামকে মারধর করে আহত করে সন্ত্রাসীরা। এমদাদুল ওই ঘটনায় মামলা করতে গেলে আশুলিয়া থানার পুলিশ সে মামলা গ্রহণ করেনি। অবশেষে এমদাদুল ওই ঘটনায় র্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ করেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব নেওয়ার পর গত ৪ অক্টোবর সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভুক্তভোগীদের জিডি বা মামলা নেওয়ার মতো হলে তা নিতে হবে। না নিলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপির এমন নির্দেশনার পরও পুলিশ কেন আক্রান্ত ব্যক্তিদের মামলা নিচ্ছে না, তা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, মামলা বা জিডি নিতে ওসিদের প্রতি ডিএমপির সুস্পষ্ট নির্দেশনা আছে। মিথ্যা মামলা হওয়ার আশঙ্কায় অনেক সময় ওসিরা মামলার জন্য করা আবেদনে অভিযোগ লিখে দিয়ে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেন। এতে মামলা গ্রহণে কিছুটা দেরি হয়। কিন্তু ঘটনা সঠিক হওয়ার পরও মামলা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের মুখোমুখি হতে হবে।
এ বিষয়ে ডিএমপির সাবেক কমিশনার নাইম আহমেদ প্রথম আলোকে বলেন, ধর্তব্য অপরাধ হলে সঙ্গে সঙ্গে মামলা নিতে হবে। এতে ভুক্তভোগী বা আক্রমণের শিকার ব্যক্তি উপস্থিত না থাকলেও তাঁর পক্ষে কেউ থানায় মামলা দিতে পারবেন। তদবিরের জোর না থাকলে তদন্তে সময়ক্ষেপণ ও ঝামেলা হতে পারে—এ আশঙ্কায় হয়তো কোনো কোনো সময় মামলা নেওয়া হয় না।