দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক। এসব প্লাস্টিক এখানে-সেখানে ফেলে দেন অনেকেই। অথচ এক-একটা প্লাস্টিকের বোতল প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হতে কয়েক শ বছর লাগে। সে কারণে পরিবেশদূষণ কমাতে প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে হবে। তার জন্য দরকার বাজারে তদারকি। তা ছাড়া দেশের মানুষের কথা ভেবে প্লাস্টিকের বিকল্প নিয়েও ভাবতে হবে। পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
‘একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করি, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করি’ শিরোনামে আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এই সভা হয়। এই আলোচনা সভার আয়োজনে ছিল বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। নীতিনির্ধারকদের পাশাপাশি পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় সভায় স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। পরিবেশের প্রতি সবাইকে দায়বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, প্রতিপাদ্য থেকেই বোঝা যায়, সংকটটা সারা বিশ্বের। তাই রাজধানীর পাশাপাশি দেশের সব জায়গায় প্লাস্টিক ব্যবহার না করার সচেতনতা ছড়িয়ে দিতে হবে। পলিথিন ব্যাগ ভোক্তাকে কিনতে হয় না। কিন্তু পাটের ব্যাগ কিনতে হয়। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্লাস্টিকের বিকল্প ভাবনা তৈরি করতে হবে।
দেশের বাইরে থেকে ভার্চুয়্যালি সভায় যুক্ত হন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পলিথিন ব্যাগ নিষিদ্ধ সমাধান নয়—সরকারের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। বাজার মনিটরিং করে এর ব্যবহার বন্ধ করতে হবে।’
পলিথিনের ব্যবহার বন্ধে ভোক্তাদেরও অঙ্গীকার প্রয়োজন উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার মাথাপিছু বেশি নয়। তবে ব্যবস্থাপনার ঘাটতির কারণে আমরা অনেক পিছিয়ে আছি।’
সভায় ‘প্লাস্টিক দূষণ: বহুমুখী প্রভাব ও করণীয়’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজের (বারসিক) পরিচালক পাভেল পার্থ। তাতে তিনি বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে বলেন, দেশে বছরে একবার ব্যবহার্য প্লাস্টিক উৎপন্ন হয় ৮৭ হাজার টন। উদাহরণ দিয়ে তিনি দেখান, কতভাবে প্লাস্টিক কণা খাদ্যচক্রে পৌঁছে আবার মানুষের শরীরে ঢুকছে।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) মহাসচিব শাহরিয়ার হোসেন তাঁর উপস্থাপনায় তুলে ধরেন আশির দশকে দেশে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার শুরুর পর থেকে কত দ্রুত পানি, ভূমি ও বাতাস সংকটে পড়েছে, সেই চিত্র। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) নির্বাহী পরিচালক গাউস পিয়ারী বলেন, নিজেকে সুস্থ রাখতে হলে পরিবেশ ভালো রাখা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ। তিনি বলেন, ‘আমি যে বর্জ্য দেখতে পারছি না, সেটাও অন্যের জন্য বিপদ। বর্জ্য সম্পদে পরিণত করার কথা ভাবতে হবে আমাদের।’ এ সময় তিনি তাঁর অধিদপ্তরের দায়িত্ব নিয়েও আলোচনা করেন।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বাদ দেওয়া নিয়ে আরও আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, পরিচালক মো. সোলায়মান হায়দার, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা মোবারক আহমদ খান, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী, সড়ক ও জনপথের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
আলোচনার শেষের দিকে ছিল শ্রোতাদের অংশগ্রহণ। পরিবেশবিদ, শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ আন্দোলনকর্মীরা এ সময় তাঁদের মতামত তুলে ধরেন।