বান্দরবানে বন্যা: এমন পানি ২৫ বছরেও হয়নি, আশ্রয়কেন্দ্রে এখনো মানুষ
ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার ৫৬৯টি ঘর ও ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এখনো বিদ্যুৎহীন তিন উপজেলা।
চার বছর আগে পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসরে গেছেন পুল মং মারমা। সাঙ্গু নদের তীরে বান্দরবান সদরের উজানীপাড়ায় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকেন। এবারের বন্যায় ভেসে গেছে তাঁর দুই কক্ষের বেড়ার ঘরের একটি অংশ। ভেসে গেছে আসবাব। কোনোরকমে প্রাণে রক্ষা পেয়েছেন আগেভাগে সরে গিয়ে। এখন পাশেই একটা ভবনে বাসা ভাড়া নিয়েছেন।
পুল মং মারমা প্রথম আলোকে বলেন, গত ২৫ বছরে তিনি এমন পানি দেখেননি। শেষবার ’৯৭ সালে দেখেছিলেন এতটা। সরকারি হিসাবেও এই বন্যাকে ১৯৯৭–এর সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০১৯ সালে একবার পানি উঠলেও তা এত ভয়াবহ ছিল না বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘর হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। কেউ উঠেছেন ভাড়া বাসায়। অনেকে শুরু করেছেন নতুন ঘর নির্মাণ। আশ্রয়কেন্দ্রেও আছেন অনেকে।
জেলা প্রশাসনের হিসাবে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার ৫৬৯টি ঘর। এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে প্রায় ৪০০ পরিবার। সঙ্গে নিজেদের পোষা হাঁস-মুরগি এবং গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে তাদের।
বান্দরবানে পানি নামতে থাকে বৃহস্পতিবার থেকে। শুক্রবার পুরোপুরি নেমে যায়। তিন দিন পরও এখনো স্থানে স্থানে বন্যার ক্ষতচিহ্ন। গতকাল রোববার সরেজমিনে বান্দরবান শহরে দেখা যায়, চারদিকে কেবল বন্যার ছোবল। বন্যায় জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, পুলিশ সুপারের কার্যালয়, গ্রন্থাগার, পানি শোধনাগারসহ কী ডোবেনি। ভেসে গেছে জলাশয়, সড়কজুড়ে এখনো কাদামাটি, জুমচাষ তছনছ, ফসল বাগান ছিন্নভিন্ন।
এখন বড় সংকট সুপেয় পানি নিয়ে। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সেনাবাহিনী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে হিমশিম খেতে হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, ‘আমাদের পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট পানিতে ডুবে গেছে। এখন ভ্রাম্যমাণভাবে পানি শোধন করছি।’
বন্যা–পরবর্তী সময়ে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার চ্যালেঞ্জ মোকাবিলাকে এখন বড় করে দেখছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। গতকাল জেলা আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক বলেছেন, পাহাড়ি ঢলে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। পানি উঠেছে ১৩২ বিদ্যালয়ে। এখনো আশ্রয়কেন্দ্রে বেশ কিছু মানুষ রয়েছেন। ত্রাণ তৎপরতা চলছে। বিচ্ছিন্ন দুই উপজেলা থানচি ও রুমার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে এক থেকে দেড় মাস সময় লাগবে।
বন্যার ভয়াবহতা বোঝা যায় পানি উন্নয়ন বোর্ডের হিসাব দেখে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে এবার সাঙ্গু নদ বিপৎসীমার (১৪ দশমিক ৮) ৫ মিটার ওপর দিয়ে (অর্থাৎ ১৯ দশমিক ২৫ মিটার) প্রবাহিত হয়েছে। ১৯৯৭ সালে বিপৎসীমার সাড়ে ৫ মিটার ওপরে প্রবাহিত হয়। সাঙ্গুর পাশাপাশি মাতামুহুরী নদীর পানিও বিপৎসীমার (১১ দশমিক ৮) সাড়ে ৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ কারণে বন্যার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
মানুষের সঙ্গে হাঁস-মুরগিও আশ্রয়কেন্দ্রে
সদরের বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২২৮ জন আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে ১০০ জনের মতো পাহাড়ি-বাঙালি এখানে রয়েছেন। তাঁদের একজন উজানীপাড়ার বাসিন্দা পাইনুচিং মারমা (৪৮)। তাঁর ঘরটি বন্যায় ভেসে গেছে। এরপর স্বামী ও দুই মেয়েকে নিয়ে এখানে ওঠেন।
গতকাল বিকেলে তাঁকে দেখা যায় সঙ্গে আনা হাঁস–মুরগিগুলোকে খাওয়াতে। তিনি বলেন, ‘ঘরে ছয় বান টিনের ছাউনি ছিল। বন্যা শেষে কেবল দুটি টিন আর দুটি খুঁটি। সব ভেসে গেছে। এই মুরগিগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। দুর্দিনে কাজ দেবে।’
রিকা সর্দার (৩০) নামের আরেক নারী একটি ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্রে আসেন। এ ছাড়া আরেক মারমা নারী নিজের চারটি হাঁস নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তাঁদের বেশির ভাগের ঘর বন্যায় ভেসে গেছে সাঙ্গুর পানিতে। রিকা বলেন, তিন দিন ধরে এখানে খাবার দিচ্ছে না। তবে শনিবার মন্ত্রী বীর বাহাদুরের স্ত্রী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দিয়ে গেছেন।
পাশের বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রেও এখনো পাহাড়ি-বাঙালি অনেক নারী-পুরুষ। এখানে আশ্রয় নেওয়া মধ্যম পাড়ার রহিমা বেগম (৩৫) বলেন, ‘স্বামী দিনমজুর। কাজ নেই তাঁর। দুই কেজি করে চাল দিয়েছেন। তা দিয়ে এখানে রান্না করছি।’
সরেজমিনে দেখা যায়, আশ্রয় নেওয়া লোকজন ইটের চুলা বসিয়ে নিজেরা রান্নাবান্না করছেন। তাঁদের কেউ কেউ ঘর থেকে যতটা সম্ভব আসবাবও নিয়ে এসেছেন আশ্রয়কেন্দ্রে।
সেখান থেকে মধ্যমপাড়ায় গিয়ে দেখা যায়, আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষ নতুন করে বাঁচার সংগ্রাম করছেন। কেউ কেউ ফিরে আর ঘরের অবশিষ্ট পাননি। তেমনি একজন উবানু মারমা। তিনি বলেন, ‘আমার ঘরটি ভেসে গেছে। দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে এখন মহাসমস্যায় পড়লাম। নতুন করে ঘর বাঁধব, সে টাকাও নেই।’
যত ক্ষয়ক্ষতি
বন্যার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিভাগ। সড়ক বিভাগের রুমা–থানচি সড়কসহ মোট ১৫ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, রুমা ও থানচি সড়কের মেরামতকাজ সেনাবাহিনী করে থাকে। এর বাইরেও প্রায় ১৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক রয়েছে। ক্ষয়ক্ষতি টাকার অঙ্কে ১০ কোটি টাকা।
গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে প্রায় ২০০ কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ সড়কের কাজ করে থাকে। সংস্থাটির উপসহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো সড়কের এক পাশ একেবারে ধসে গেছে। এতে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
বন্যায় মৎস্য দপ্তরের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আড়াই কোটি টাকার। ৪৩০টি জলাশয় ভেসে গেছে। এ ছাড়া বাঁধ দিয়ে মাছ চাষ করা ১৫৯টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। তিনি বলেন, সবচেয়ে বেশি ১৫০ জলাশয় ও ৩০টি লেক ভেসে গেছে লামা উপজেলায়।
রোপা আমনসহ কৃষি খাতে প্রায় ৯ হাজার ৮৫৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এর মধ্যে পেঁপে, কলা, আম, কাজুবাদামসহ বিভিন্ন ফলের বাগান নষ্ট হয়েছে।
তিন উপজেলায় বিদ্যুৎ নেই
বৃষ্টি ও বন্যার কারণে ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিদ্যুৎহীন ছিল জেলাটি। বিদ্যুৎকেন্দ্র ডুবে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ১০ তারিখ স্বল্প পরিসরে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এখনো রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় বিদ্যুৎ নেই।
সরবরাহ তার নষ্ট এবং ট্রান্সফরমারসহ নানা কারণে শহরেও অনেক এলাকায় এখনো বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমিত বণিক বলেন, ৬ তারিখ থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ত্রাণ তৎপরতা
জেলা প্রশাসনের সভায় গতকাল দাবি করা হয়, সাত উপজেলায় এখন পর্যন্ত ১৬৮ টন চাল ও নগদ ৭ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৫০০ লিটার বোতলজাত পানি, এক হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সদরে সাড়ে ৩ লাখ লিটার পানি ও লামায় ৪০ হাজার লিটার পানি সরবরাহ করা হয়। এ ছাড়া সেনাবাহিনী ৭১ হাজার লিটার সুপেয় পানি সরবরাহ করেছে। পাশাপাশি শুকনা খাবারও বিতরণ করা হয়। জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর জন্য মোট ৪০ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং বলেন, জেলা প্রশাসনের ১ লাখ টাকা ও ১৫ টন চাল পাওয়া গেছে। এটা বিতরণ চলছে। প্রয়োজনের তুলনায় এগুলো সিকি ভাগ। আরও ত্রাণ দরকার।