দুর্ভোগ কমিয়ে সম্ভাবনার দুয়ার খুলল দুই সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধন করা হলো ছয় লেনের মধুমতী সেতু। মধুমতী নদীর ওপর সেতুটি নড়াইলের লোহাগড়ার কালনা ও গোপালগঞ্জের কাশিয়ানীর শংকরপাশাকে যুক্ত করেছে। ছয় লেনের দৃষ্টিনন্দন সেতুটি ভ্রমণপিপাসুদেরও দৃষ্টি কাড়বে। গতকাল সকালে।
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে ভোগান্তির কেন্দ্র হয়ে ওঠে মধুমতী নদীর কালনাঘাট। তবে সেই দুর্ভোগ আর থাকছে না। চালু হয়েছে ছয় লেনের দৃষ্টিনন্দন মধুমতী সেতু। এর মাধ্যমে মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি নড়াইলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন স্থানীয় লোকজন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী সেতুর উদ্বোধন করেন। একই দিনে উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুও। যার জন্য বন্দর উপজেলার বাসিন্দারা অপেক্ষায় ছিলেন অনেক বছর। রাত ১২টার পর যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী সেতু ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

স্থানীয় লোকজন বলছেন, নৌকা ও ট্রলারে শীতলক্ষ্যা নদী পার হতে গিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়েছে হাজারো মানুষকে। নৌ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনের মাধ্যমে সড়কপথে শহর ও বন্দরের যোগাযোগ নিরবচ্ছিন্ন হলো। ঢাকায় প্রবেশ না করে চট্টগ্রাম ও পূর্বাঞ্চলের যানবাহন এই সেতু দিয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে।

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে নির্মিত মধুমতী সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী ও পশ্চিমে নড়াইলের লোহাগড়া উপজেলা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেতুটি চালু হওয়ায় নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক যোগাযোগে নবদিগন্তের সূচনা হবে। এ অঞ্চলের অন্তত ১০ জেলার মানুষ কম সময়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবেন। দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণের সময়ও কমিয়ে আনবে।

সেতু চালু হওয়ায় নড়াইলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পর্যটনসহ বিভিন্ন খাতে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় লোকজন। নড়াইল-২ (লোহাগড়া ও সদর একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু ও কালনায় মধুমতী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী পদক্ষেপ। এর ফলে নড়াইলসহ এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে। কৃষিনির্ভর নড়াইলের কৃষিপণ্যের গুরুত্ব বাড়বে। বেকারত্ব কমবে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

কলকারখানা ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প গড়ে তুলতে ইতিমধ্যে বড় বড় কোম্পানি নড়াইলে এসে জমি কেনা শুরু করেছে বলে জানালেন নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতী নদীর ওপর স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। ২৭ দশমিক ১ মিটার প্রস্থের সেতুটিতে চারটি উচ্চগতির ও দুটি সার্ভিস লেন আছে। এটি ছয় লেনের সেতু। সেতুর শেষ প্রান্তের দুটি লেন দিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য।

সেতুর উদ্বোধন ঘিরে নড়াইলের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী আরিফুর রহমানের মধ্যে অন্য রকম এক আবেগ কাজ করছে। সেতু উদ্বোধনের ক্ষণ উপভোগ করতে তিনি এলাকায় চলে আসেন। আরিফুর বলেন, এ এলাকার মানুষের শুধু ভোগান্তিরই অবসান হচ্ছে না, দৃষ্টিনন্দন সেতুটিতে ঘুরতে আসতে পারবেন অনেকে।

জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান বলেন, নড়াইলে সাড়ে ৫ হাজার চিংড়িঘের, সাড়ে ১০ হাজার মাছের পুকুর ও ২৫০টি খাল, বিল ও জলাশয়ে মাছ উৎপাদিত হয়। সেতু হওয়ায় এখন দ্রুত মাছ ঢাকায় পৌঁছে যাবে। এতে জেলার মৎস্য খাতের গুরুত্ব বেড়ে যাবে। সেতুটি চালু হওয়ায় এখন জেলায় কৃষিপণ্যের উৎপাদন বাড়বে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়।

নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সঙ্গে সংযুক্ত করা তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে। চার লেনের মূল সেতু ১ হাজার ২৩৪ মিটার দৈর্ঘ্যের এবং অ্যাপ্রোচ সড়ক আছে দেড় কিলোমিটার। অটোরিকশা ও ধীরগতির যানবাহনের জন্য আলাদা দুটি লেন আছে। ফুটপাতসহ সেতুর প্রশস্ততা ২২ দশমিক ১৫ মিটার।

উদ্বোধন ঘিরে সেতুটি বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়। ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় পুরো সেতু এলাকা। গতকাল উদ্বোধন ঘোষণার পর সেতু দিয়ে হেঁটে পার হতে মানুষের ঢল নামে। মদনগঞ্জ এলাকার বাসিন্দা ব্যবসায়ী শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রলারে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটত। ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। আগে সড়কপথে মদনপুর হয়ে রাজধানীতে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। এখন এক ঘণ্টার কম সময়ে বন্দরের মানুষ ঢাকায় যেতে পারবেন।

রাতে রোগী নিয়ে হাসপাতালে যেতে সহজে নৌকা পাওয়া যেত না বলে নিজের ভোগান্তির কথা জানান কাউসার আহমেদ। তিনি বলেন, রোগীকে অনেক কষ্ট করে হাসপাতালে নিতে যেতে হতো। অনেক সময় পথেই রোগী মারা যেত। এখন সহজেই দিন ও রাতে লোকজন পারাপার হতে পারবে।

সেতুর প্রকল্প ২০১০ সালে একনেকে অনুমোদন পেলেও ২০১৮ সালের ২৮ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ৬০৮ দশমিক ৫৬ কোটি টাকা। এর মধ্যে ২৬৩ দশমিক ৩৬ কোটি টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে এবং ৩৪৫ দশমিক ২০ কোটি টাকা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) থেকে এসেছে।

বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরতে খুদা প্রথম আলোকে বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহন এই সেতু দিয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে। একইভাবে পদ্মা সেতু দিয়ে আসা যানবাহন মোক্তারপুর সেতু পার হয়ে এই সেতু দিয়ে নারায়ণগঞ্জ শহর ও রাজধানীতে না ঢুকে সহজেই দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে।