হাইকোর্ট বলেছেন, ‘আপনারা কিছুই করতে পারলেন না। একটি জেলার একটি আদালত (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) না চলা মানে কী? এটা কী? কারও কোনো নমনীয়তা নেই। অনির্দিষ্ট সময়ের জন্য একটি কোর্ট এভাবে থাকতে পারে না।’
ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচার বিঘ্নিত করার প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগে জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদকসহ ২১ জনের হাজিরাবিষয়ক শুনানিতে আজ সোমবার আদালত এসব কথা বলেন।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার ২১ জন হাজির হন। শুনানিকালে আদালত তাঁদের উদ্দেশে এসব কথা বলেন। ২১ জনের পক্ষে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়ে হলফনামা দাখিল করা হয়েছে। শুনানি নিয়ে আদালত ৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন রেখেছেন।
নথিপত্র থেকে জানা যায়, গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর এজলাসে হট্টগোলের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিচারক ও আদালতের কর্মচারীদের অশ্রাব্য ভাষায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্য আইনজীবীদের গালাগাল ও অশালীন আচরণের জন্য ব্যবস্থা নিতে প্রার্থনা জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে চিঠি পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক। বিষয়টি উত্থাপিত হলে গত ৫ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।
এ অবস্থায় ৫ ও ৮ জানুয়ারি এজলাস চলাকালে কয়েকজন আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেন। বিষয়টি উত্থাপিত হলে গত ১০ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানসহ ২১ জনের প্রতি আদালত অবমাননার রুল দেন। ব্যাখ্যা জানাতে তাঁদের ২৩ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর তাঁরা কয়েক দফা আদালতে হাজির হয়ে সময় নেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে ২১ জনের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আবদুন নূর, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
একটি জেলার একটি আদালত না চলা মানে কী
শুরুতে ২১ জনের পক্ষে আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ঘটনা বর্ণনা করে হলফনামা দাখিল করেন। সেখানে তাঁরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বার ও বেঞ্চের জন্য ওই ঘটনা অপ্রত্যাশিত ও তাঁরা অনুতপ্ত বলে উল্লেখ করেন।
একপর্যায়ে আদালত বলেন, ফারুক সাহেবের কোর্টের (ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক) এখন কী অবস্থা? তখন সাঈদ আহমেদ বলেন, চলছে না।
আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘তারা কি (ঘটনার সময়) উপস্থিত ছিলেন, তারা কি গিয়েছিলেন—এটি পরিষ্কার নয়। অবস্থান কী? হয় উপস্থিত ছিলেন বা ছিলেন না—এটি হলফনামায় পরিস্কার করবেন।’
জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির বলেন, তাঁরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ সময় আদালত বলেন, ‘আপনারা এখনো কোর্ট (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) চালু করতে পারলেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য কিছুই করতে পারলেন না। আপনাদের উপস্থিতির জন্য বারবার সময় দেওয়া হয়েছে। আপনারা কিছুই করতে পারেননি। পরিষ্কারভাবে হলফনামা দেবেন।’
২১ জনের পক্ষে শুনানিতে থাকা আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য একটি কোর্ট এভাবে থাকতে পারে না। জরুরি ভিত্তিতে শুনে সিদ্ধান্ত দেব। এসপার–ওসপার হতে হবে। হলফনামা নিয়ে আগামী সপ্তাহে নিয়ে আসেন।’
আদালত বলেন, ২১ জন আদালতে এসেছেন, সবাই উপস্থিত আছেন কি? তখন ২১ জনের আইনজীবী ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
উপস্থিত ২১ জনের উদ্দেশে আদালত বলেন, ‘পরবর্তী সময়ে আসার সময় আপনারা আইডি কার্ড নিয়ে আসবেন। আইডি কার্ড দেখব।’
‘ওনাকে কোর্টে বসতে বলবেন’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের উদ্দেশে একপর্যায়ে আদালত বলেন, ‘ওনাকে কোর্টে (ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক) বসতে বলবেন। নিয়মিত কোর্ট করবেন। উনি কোর্টে বসবেন ও বিচার চালাবেন। যদি কেউ কিছু করে, তাহলে সরাসরি নাম পাঠাতে বলবেন। আইনজীবীরা গেলে যাবেন, না গেলে না যাবেন। বিচারপ্রার্থীরা যাবেন। দরকার হলে পুলিশকে অবহিত করতে বলবেন। আপনি যোগাযোগ করে বিষয়টি অবহিত করবেন।’
শুনানির এ পর্যায়ে ২১ জনের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘আপনারা কিছুই করতে পারলেন না। একটি জেলার একটি আদালত না চলা মানে কী? এটা কী? কোনো নমনীয়তা কারও নেই। সুতরাং সেভাবেই চলবে।’ এরপর আদালত আগামী সোমবার পরবর্তী দিন রাখেন।’