এস কে সুর চৌধুরী পরিবারের ব্যাংক লকার জব্দের আদেশ
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর পরিবারের নামে থাকা ব্যাংক লকার জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বাসা থেকে জব্দ করা ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখার নির্দেশ দেন আদালত। এ ছাড়া তাঁর দুটি মুঠোফোন ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
১৯ জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক। এ সময় সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। এর আগে ১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে হাজির করা হয়।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।