সোহরাওয়ার্দী উদ্যানে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পুকুরপাড় থেকে হাবিব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত হাবিব বরিশালের কাজিরহাট এলাকার আন্দারমানিক গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান প্রথম আলোকে জানান, আজ সকালে কালীমন্দির–সংলগ্ন পুকুরের দক্ষিণ পাড়ের ফুটপাতে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে হাবিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে এসআই অহিদুজ্জামান বলেন, হাবিব কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।