এবারের গল্প সফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের

প্রথম আলো ডটকম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে নির্মিত ‘লিগ্যাসি উইথ এমআরএইচ’–এর তৃতীয় সিজনের প্রথম পর্বে থাকছেন আরোগ্যর সহ-প্রতিষ্ঠাতা ইওয়ার মেহবুব। সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকছবি: প্রথম আলো

দেশের উদীয়মান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প তুলে ধরতে শুরু হচ্ছে পডকাস্ট ‘লিগ্যাসি উইথ এমআরএইচ’–এর তৃতীয় সিজন। বরাবরের মতোই পডকাস্টটি সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক। প্রাইম ব্যাংক নিবেদিত পডকাস্ট শোটির আয়োজক প্রথম আলো ডটকম।

তৃতীয় সিজনে অতিথি হিসেবে অংশ নেবেন দেশের বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। নিজ নিজ ক্ষেত্রে ব্যবসা গড়ে তোলার পথে এসব তরুণের সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা থেকে শেখা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নেতৃত্বের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পরিকল্পনা উঠে আসবে প্রতি পর্বে।

এ প্রসঙ্গে মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ‘প্রতিটি বড় প্রতিষ্ঠানের শুরুটা হয় একটি ছোট স্বপ্ন থেকে। এবারের সিজনে আমরা সেই স্বপ্নবাজ উদ্যোক্তাদের গল্প তুলে ধরতে চাই, যাঁরা আজ নিজেদের পথ তৈরি করছেন এবং আগামী দিনে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন।’ তিনি আরও বলেন, ‘উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং এগিয়ে যাওয়ার গল্প ভবিষ্যতের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।’

মোহাম্মদ রিদওয়ানুল হক আরও বলেন, ‘বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা শুধু ব্যবসাই গড়ে তুলছেন না, তাঁরা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছেন, উদ্ভাবনের সুযোগ তৈরি করছেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। তাঁদের যাত্রার গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।’

‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’ প্রচারিত হবে প্রতি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে

‘লিগ্যাসি উইথ এমআরএইচ’ পডকাস্ট শোটিরে প্রথম দুই সিজনে দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং নেতৃত্বদের জীবনের অভিজ্ঞতা, নেতৃত্ব, মূল্যবোধ, উদ্ভাবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলোচনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
তৃতীয় সিজনে সেই ধারাবাহিকতায় এবার শোনা হবে আগামী দিনের লিগ্যাসি নির্মাণে এগিয়ে চলা তরুণ উদ্যোক্তাদের গল্প।

প্রথম পর্বে থাকছে আরোগ্যর সহ-প্রতিষ্ঠাতা ইওয়ার মেহবুবের গল্প। এ ছাড়া বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন ক্যাফে দোতালার স্বত্বাধিকারী নাসরিন নওরোজ স্বপ্না, কৃষি স্বপ্নর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের হাসান, যারীন’স ক্রিয়েশনের স্বত্বাধিকারী আফরোজা সুলতানা শিউলি, মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা, ইশোর প্রতিষ্ঠাতা রায়ানা হোসেনসহ আরও অনেকে।  
পডকাস্ট শোটি প্রচারিত হবে আজ থেকে প্রতি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে, প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।