ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময়ে আলোচনায় অংশ নিয়েও আইন পাসের পর সাংবাদিকেরা এখন আইনের বিরোধিতা করছেন। তবে সম্প্রতি সাংবাদিক নেতারা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব বিতর্কিত ধারা বাদের পরামর্শ তাঁরা দিয়েছিলেন, আইন পাসের সময় তা বিবেচনা করা হয়নি।
আজ শনিবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ২০২১’ খসড়া প্রবিধানমালা এবং তথ্য মন্ত্রণালয়ের ‘ওটিটি কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালন নীতিমালা ২০২১’ খসড়া নিয়ে এফবিসিসিআই ‘দ্য নিড টু স্ট্রাইক দ্য রাইট ব্যালান্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১০ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রস্তাবিত ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮–এর অপব্যবহারের প্রসঙ্গে কথা বলেন। আইনটি করার সময়ে সাংবাদিক নেতারা বিভিন্ন পরামর্শ ও বিতর্কিত বিষয় বাদ দিতে বললেও তা চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাখা হয়নি বলে জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল সেদিন বলেছিলেন, গণমাধ্যমকর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নন। তবে কিছু ধারার বিপক্ষে। কিছু ধারা সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়। সে সময় আলোচনার টেবিলে আইনের অপপ্রয়োগ হবে না বলে সবাই আশ্বাস দেন। কিন্তু কারও কথা রাখা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর থেকে বাংলাদেশ প্রেস ফ্রিডম সূচকে নিচেই নামছে বলে জানান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী সাংবাদিকেরা বলে জানিয়েছিলেন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হক বাবু। তিনি সেদিন বলেছিলেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, সাংবাদিকদের এ আইনে আনা হবে না। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে তা করা হয়নি।
তবে আজ এফবিসিসিআইয়ের সেমিনারে অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করেছি। সাংবাদিক যাঁরাই আছেন, তাঁদের কর্তৃপক্ষকে নিশ্চিত করে বলতে পারি, এমন কোনো আলোচনা ছিল না, যাতে সাংবাদিকেরা অংশগ্রহণ করেননি। সবকিছুতে অংশগ্রহণ করেছেন। আমাদের বড় নেতারা তাতে অংশগ্রহণ করেছেন। যেই মুহূর্তে আইন হয়ে গেছে, সেই মুহূর্তে আইনের বিরোধিতা শুরু হয়ে গেছে। আমি মনে করি যে কোনো আইন, বিধিবিধান সবাইকে সন্তুষ্ট করতে পারবে না।’