বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান হলেন সাবেক সচিব লোকমান হোসেন মিয়া
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি এবং এ–সংক্রান্ত সুবিধাগুলো স্থগিতের শর্তে সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা, অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ পরবর্তী তিন বছরের জন্য তাঁকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। তিনি বিডার বর্তমান নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব হিসেবে গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যান। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন।