চট্টগ্রামে হরতাল ঢিলেঢালা, দূরপাল্লার যানবাহন চলছে না
বিএনপির ডাকা সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের শুরুতে আজ রোববার সকালে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।
নগরের মুরাদপুর, অক্সিজেন মোড়, চকবাজার এলাকায় অটোরিকশা–টেম্পো–বাস–রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। স্কুল–কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের দেখা যায়নি।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার উদ্দেশে যানবাহন ছেড়েছে বলেও জানা গেছে, তবে দূরপাল্লার বাস খুব একটা দেখা যায়নি।
জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ মুছা বলেছেন, সকাল থেকে বিভিন্ন উপজেলায় বাস চলছে, তবে দূরপাল্লার যাত্রী না থাকায় গাড়ি চলছে না। রাস্তায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
আজ নগরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। দারুল ফজল মার্কেট চত্বরে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ করার কথা রয়েছে।