নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপকূলীয় এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে উপকূলীয় ও নদী–তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় কোস্টগার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ২৮ দিন চলবে।
কোস্টগার্ড জানায়, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোর ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বয়স ও পেশার মানুষের কাছে গণভোটের বিষয়টি তুলে ধরে নাগরিকদের অংশগ্রহণে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সতর্ক ও প্রস্তুত আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ তৈরিতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।