মানব পাচারের সূচক নির্ভর করে প্রতিরোধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর: ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় যুক্তরাষ্ট্রের শার্জ ডি অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হেলেন লাভাব বলেছেন, যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক বার্ষিক প্রতিবেদনের সূচকে একটি দেশের অবস্থান একই ধারায় কাজের ওপর নির্ভর করে না। সূচকের বিষয়টি নির্ভর করে মানব পাচার প্রতিরোধে একটি বছরের তুলনায় পরের বছরে কর্মকাণ্ড কতটা বেড়েছে তার ওপর। তাই পাচার বন্ধের লড়াইতে আত্মতুষ্টির সুযোগ নেই।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে মানব পাচারবিষয়ক কর্মশালায় বক্তৃতার সময় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হেলেন লাভাব জানান, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে ৫৮০টি যৌন পাচার ও ৬ হাজার ৩৭৮টি শ্রম পাচারের ঘটনা ঘটেছে। পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ এমনকি শিশুরাও রয়েছে।
মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২০ সাল থেকে মানব পাচারবিষয়ক বার্ষিক প্রতিবেদনের সূচকে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে রেখেছে বলে জানান হেলেন লাভাব।
তিনি বলেন, ওই সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ মানব পাচারবিষয়ক বিচার কার্যক্রম পরিচালনার জন্য সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে। এর মধ্যে চারটি ট্রাইব্যুনালে টাস্কফোর্স গঠন করা হয়েছে। কক্সবাজারে একটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। এ ছাড়া মানব পাচার রোধে হাতে নেওয়া জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ যে অঙ্গীকারবদ্ধ, তা করে দেখিয়েছে।
মানব পাচার প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ‘দাসত্ব এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াই’ প্রকল্পের মাধ্যমে সহায়তা করতে পেরেছে।
হেলেন লাভাব জানান, ২০২২ সালের নভেম্বরে ইউএসএআইডির ওই প্রকল্প পাচারের শিকার হওয়া তিনজন বাংলাদেশি সম্পর্কে জানতে পেরেছিল। ওই তিনজনকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের আশ্রয়কেন্দ্রে থাকতে সহায়তা, মনোসামাজিক পরামর্শ দেওয়া এবং পরিবারের সঙ্গে দ্রুত মিলিয়ে দেওয়াসহ নানা সহায়তা দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে ইউএসএআইডির ‘দাসত্ব এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াই’ প্রকল্পের আওতায় বিচারক, সরকারি কৌঁসুলি, ট্রাইব্যুনালের কর্মকর্তা ও প্যানেল আইনজীবীসহ বিচার বিভাগসংশ্লিষ্ট চার শর বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ পাওয়া তিন হাজারের বেশি ব্যক্তির মধ্যে পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা রয়েছেন। পাশাপাশি পাচারের শিকার হওয়ার পর ফিরে আসা দুই শর বেশি ভুক্তভোগীকে সুরক্ষা সেবা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বুঝতে পারি যে আমাদের আরও অনেক কিছু করার আছে। তেমনই একটি কাজ হলো পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা জোরদার করা। তবে কোনো পরিকল্পনাই সফল হতে পারে না, যদি সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা না হয়। আর সে কারণেই যুক্তরাষ্ট্র সরকার পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা জোরদার করা ও মানব পাচারের মতো ভয়ংকর অপরাধের অবসানে বাংলাদেশের প্রচেষ্টাকে অব্যাহতভাবে সহায়তা করবে।’