সাংবাদিককে মারধরের মামলায় জামিন পেলেন দুই আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দুই সাংবাদিককে মারধরের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন দুই আইনজীবী। তাঁরা হলেন শাহেদুল হক ও ইসহাক আহমেদ। আজ রোববার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দুই আইনজীবী। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন প্রথম আলোকে বলেন, আদালত জেলা আইনজীবী সমিতির জিম্মায় দুই আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন।

গত বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় সাংবাদিক আল-আমিন সিকদার বাদী হয়ে মামলাটি করেন। তিনি যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক। মামলায় শাহেদুল হক, ইসহাক আহমেদ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বুধবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যমুনা টেলিভিশনের সাংবাদিক আল-আমিন সিকদার ও আনিসুজ্জামান লিমন চট্টগ্রাম আদালতে যান। আদালত প্রাঙ্গণের সড়কে যানজট হলে হর্ন দেয় সাংবাদিকদের বহনকারী গাড়ি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুই আইনজীবীসহ আরও কয়েকজন দুই সাংবাদিককে মারধর করতে থাকেন।

একপর্যায়ে তাঁদের দুজনকে আইনজীবী সমিতির কার্যালয়ের তৃতীয় তলায় নিয়ে মারধর করা হয়। আহত দুই সাংবাদিক নগরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। তারা তিন দিনের মধ্যে অভিযুক্ত দুই আইনজীবীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল।