শরীয়তপুরে আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তি প্রস্তর উদ্বোধন
শরীয়তপুরে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। শনিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপস্থিত সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মো. আশফাকুল ইসলাম। এ সময় বিচারপ্রার্থী মানুষের আশু কল্যাণ ও বিচারপ্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ন্যায়কুঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এ সময় শরীয়তপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজসহ শরীয়তপুরে বিচার বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের বিচারকেরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে শরীয়তপুর জেলায় কর্মরত বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এ সময় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলা ও মোকাদ্দমা নিষ্পত্তির হার তুলে ধরেন। বিচার বিভাগের বিচারিক কার্যক্রমসহ সার্বিক মোকদ্দমা নিষ্পত্তির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন মো. আশফাকুল ইসলাম।
গত বছরের আগস্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করেন। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের জন্য অর্ধশতাধিক আসন রয়েছে। বিশুদ্ধ খাবার পানি ও শেডের পাশের ভবনে শৌচাগারের ব্যবস্থা রয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, দেশের ৬৪ জেলায় ন্যায়কুঞ্জ স্থাপনের জন্য ৩৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার কার্যক্রম চলছে। ‘ক’ শ্রেণির ন্যায়কুঞ্জের আয়তন হবে ১০০০ বর্গফুট। আর ‘খ’ শ্রেণির ন্যায়কুঞ্জের আয়তন হবে ৮০০ বর্গফুট। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের বসার জন্য আসন, নারী-পুরুষ শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা ও একটি করে দোকান থাকবে।