চট্টগ্রামে পিবিআইয়ের মামলায় বাবুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাবন্দী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার
ফাইল ছবি

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন নেসা শুনানি শেষে এই আদেশ দেন। এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানান।

আবদুর রশিদ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা এই মামলায় বাবুলের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাবুল বর্তমানে কারাগারে আছেন। তাঁর আইনজীবী গোলাম মাওলা মুরাদ প্রথম আলোকে বলেন, আদেশের অনুলিপি পাওয়ার পর তাঁরা উচ্চ আদালতে যাবেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার নাইমা সুলতানা গত বছরের ১৯ অক্টোবর নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় বাবুল ছাড়াও ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়াকে আসামি করা হয়।

মামলায় বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ-প্রচারের অভিযোগ আনা হয়।

একই অভিযোগে এই আসামিদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেন পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার।

পিবিআই বলছে, মাহমুদা হত্যা মামলা নিয়ে আসামিরা ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে পিবিআই ও সংস্থাপ্রধানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বাবুল, হাবিবুর ও ওয়াদুদের যোগসাজশে বিদেশে থাকা ইলিয়াস মিথ্যা তথ্য প্রচার করেন।

ইলিয়াসের ভিডিও প্রকাশের পর পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছিলেন বাবুল। তবে তাঁর আবেদন খারিজ করে দেন আদালত।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা। এই মামলায় গত ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।