ঢাকা ওয়াসার কর্মীদের ‘পারফরম্যান্স বোনাসের’ ওপর নিষেধাজ্ঞা বহাল
ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীকে ‘পারফরম্যান্স বোনাস’ হিসেবে প্রণোদণার ওপর হাইকোর্টের দেওয়া তিন মাসের নিষেধাজ্ঞা স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত মূল মামলাটি (রিট) দ্রুত হাইকোর্টে শুনানি করতে নির্দেশ দিয়েছেন। চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকার বিষয়টি জানিয়ে রিট আবেদনকারীর আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মূল মামলাটি অর্থাৎ রিটটি দ্রুত শুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ আগস্ট হাইকোর্ট রুলসহ ওই আদেশ দেন। একইসঙ্গে কোনো বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ ও কর্মীদের ‘পারফরম্যান্স বোনাস’ দেওয়ার বৈধতা নিয়ে গত ৩১ জুলাই কনজুমার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবশ্বের হোসেন রিটটি করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ওয়াসার এমডি আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে ওয়াসার এমডির পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম। আদালতের অনুমতি নিয়ে ক্যাবের পক্ষে শুনানি করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় পারফরম্যান্স অ্যাওয়ার্ড (উৎসাহ বোনাস) দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা মহামারি–পরবর্তী ২০২০-২১ অর্থবছরের পারফরম্যান্সের জন্য ঢাকা ওয়াসার স্থায়ী, চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস দেওয়া হবে। গত ২৫ জানুয়ারি ২৮৬তম সভায় কর্মীদের একটি মূল বেতনের অর্ধেক ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। আর গত জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকা ওয়াসার বোর্ডের সভায় পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়।