প্রথম আলো ফ্যাক্ট চেক
‘আ. লীগ বারবার পাকিস্তান ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি’—মির্জা ফখরুলের নামে ছড়ানো হচ্ছে ভুয়া ফটোকার্ড
‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি—মির্জা ফখরুল’ এমন একটি শিরোনামে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে তৈরি একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ফেসবুকে ৭৪ হাজার সদস্যের ‘মঞ্চ ৭১’ নামের একটি পাবলিক গ্রুপ থেকে ৮ আগস্ট ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। গ্রুপটির একাধিক পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পক্ষে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয়। এসব পোস্টের মধ্যে ভুয়া মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্যও রয়েছে।
ফটোকার্ড পোস্টকারী ‘Md Zohirul Islam Majumder’ নামের একটি ফেসবুক প্রোফাইলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের প্রচারণামূলক পোস্ট পাওয়া যায়।
ফটোকার্ডে যা বদলানো হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি’—এমন মন্তব্য করেছেন কি না, তা নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ডে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে তাঁর এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রায় একই ধরনের একটি বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন, ‘আ.লীগ বারবার দেশ ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি।’
প্রচার হওয়া ফটোকার্ডের উৎস হিসেবে ব্যবহৃত কালের কণ্ঠের ফেসবুক পেজে ৮ আগস্ট প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। সেখানে শিরোনাম ছিল, ‘আ.লীগ বারবার দেশ ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে ৮ আগস্ট প্রকাশিত কালের কণ্ঠের ফটোকার্ডটি তুলনা করে দেখা যায়, ছবি, নকশা, তারিখসহ অন্যান্য উপাদান একই। শুধু মূল বক্তব্যের একটি শব্দ পরিবর্তন করা হয়েছে। মূল ফটোকার্ডে লেখা ছিল—‘আ.লীগ বারবার দেশ ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি।’
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সম্পাদিত ফটোকার্ডে ‘দেশ’-এর পরিবর্তে ‘পাকিস্তান’ শব্দটি বসিয়ে দেওয়া হয়েছে—‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি।’
মির্জা ফখরুল আসলে কী বলেছিলেন
মির্জা ফখরুলের প্রকৃত বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ৮ আগস্ট জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে তিনি বিশেষ অতিথির বক্তব্য দেন। সেখানে তাঁর বক্তব্যের সংবাদ ও ভিডিও প্রতিবেদন আকারে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। অর্থাৎ তাঁর বক্তব্যের বিষয় ছিল বাংলাদেশ, পাকিস্তান নয়।
ফটোকার্ডে এআই সম্পাদনার চিহ্ন
প্রচারিত ফটোকার্ডটি আরও পর্যালোচনা করে দেখা যায়, এর নিচের ডান দিকে জেমিনাই–এর চিহ্ন রয়েছে। অন্যদিকে উক্ত সংবাদমাধ্যমের ৮ আগস্টে প্রকাশিত মূল ফটোকার্ডে এ ধরনের চিহ্ন নেই। এ থেকে বোঝা যায়, মূল সংবাদমাধ্যমের ফটোকার্ডের নকশা ও ছবি ব্যবহার করে পরবর্তী সময়ে ডিজিটাল বা এআই প্রযুক্তির সহায়তায় এর বক্তব্য পরিবর্তন করা হয়েছে। ফলে সংবাদমাধ্যমের নাম ও নকশা থাকলেও এটি ওই সংবাদমাধ্যমের প্রকাশিত মূল ফটোকার্ড নয়।