অবৈধ ডেন্টাল চেম্বার বন্ধ ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি
দেশে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার ও টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধ এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দন্তচিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)–বিডিএস উইং। উপজেলা পর্যায়ে বিসিএস (বিডিএস) ক্যাডারের চিকিৎসকদের মাধ্যমে আধুনিক ডেন্টাল সেন্টার চালুর দাবিও জানিয়েছে তারা।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে ডিএমজে-বিডিএস উইং। সংগঠনটির নেতাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক রায়ের পরও দেশের বিভিন্ন স্থানে ডেন্টাল টেকনোলজিস্ট পরিচয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর পরিপন্থী। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং চিকিৎসা–জটিলতাও তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডিএমজে–বিডিএস উইংয়ের কেন্দ্রীয় কো–অর্ডিনেটর চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত কাজে সীমাবদ্ধ। তাঁরা দাঁতের রোগনির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচার, দাঁত উত্তোলন, রুট ক্যানাল, প্রেসক্রিপশন প্রদান কিংবা অন্য কোনো ক্লিনিক্যাল চিকিৎসাসেবা দেওয়ার আইনগত অধিকার রাখেন না। অথচ দেশের বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম অব্যাহত থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন।
বাংলাদেশে সরকারি পর্যায়ে ডেন্টাল চিকিৎসাসেবার পরিধি এখনো সীমিত উল্লেখ করে সংগঠনটি বলেছে, অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় ও মানসম্মত দন্তচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সংকট দূর করতে উপজেলা পর্যায়ে বিসিএস ক্যাডার চিকিৎসকদের মাধ্যমে আধুনিক ডেন্টাল সেন্টার চালু করতে হবে।
ডিএমজে-বিডিএস উইংয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দুটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার ও ডেন্টাল টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং অবৈধভাবে চিকিৎসা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ডেন্টাল চেম্বার পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বিসিএস (বিডিএস) ক্যাডার চিকিৎসকদের নেতৃত্বে একটি করে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এসব কেন্দ্রে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিকস, এন্ডোডন্টিকস, পেরিওডন্টিকসসহ প্রয়োজনীয় সব ধরনের দন্তচিকিৎসা নিশ্চিত করতে হবে।