পাঠাগারের জন্য অপেক্ষা শেষ হবে কবে

নির্মাণাধীন সাংস্কৃতিক কমপ্লেক্স ও বিভাগীয় গণপাঠাগার। এ বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। গতকাল শনিবার মুসলিম হল এলাকায়ছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নিউমার্কেটের একতলায় একটা বইয়ের দোকান ছিল আমাদের স্কুলবেলায়। উজালা বুক স্টল নামের সেই দোকানের মালিক ছিলেন রাগী ধরনের। সেবা প্রকাশনীর কিশোর ক্ল্যাসিক কিংবা সত্যজিৎ রায়ের ফেলুদার দিকে তখন এক দুর্দমনীয় আকর্ষণ। নতুন বই বের হলেই খবর পেতাম সহপাঠীদের কাছ থেকে। আমাদের স্কুলটা ছিল নিউমার্কেটের ঢিল ছোড়া দূরত্বে। তাই ছুটির পর উজালায় ঢুঁ মারা অভ্যাসে পরিণত হয়েছিল। পকেটে টাকা থাকলে তো কথাই নেই, টাকা না থাকলেও বই ধরে দেখে কয়েক পাতা পড়তে পারলেও স্বর্গসুখ। তবে মাঝেমধ্যেই সেই স্বর্গসুখে পানি ঢেলে দিতেন দোকানের রাশভারী মালিক। ‘এই ছেলে, বই কিনবে?’ তাঁর এমন প্রশ্নের পর বইটা রেখেই চুপচাপ বেরিয়ে এসেছি কতবার। তবে সেই সময়ের কোনো এক দিনে বিভাগীয় গণপাঠাগারের খোঁজ পেয়েছিলাম। সেটাও নিউমার্কেটের খুব কাছে মুসলিম হল ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘেঁষে।

চারতলা বিশাল পাঠাগারের প্রতিটি তলায় অসংখ্য শেলফে থরে থরে সাজানো বই দেখে বিস্ময়ের ঘোর কাটতে চায়নি প্রথমে। সেই পাঠাগারেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ সবাইকে একসঙ্গে আবিষ্কার করা গেল। রবীন্দ্র রচনাবলি, মানিক গ্রন্থাবলি কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সারি থেকে একটা বই বাছাই করে নিয়ে পড়তে বসে যাওয়ার যে আনন্দ, তার সঙ্গে আর কোনো কিছুরই তুলনা চলে না। বিজ্ঞান পাঠকক্ষ, সাধারণ কক্ষ, রেফারেন্স আর জার্নাল বিভাগে ঢুঁ মেরে কত দিন যে পার করেছি। আর বালজাকের রচনাসমগ্র কিংবা পল গগ্যাঁর কমপ্লিট আর্ট ওয়ার্কের মতো দুর্লভ বই একা পড়ার জন্য মাঝেমধ্যে একটা বিশেষ শেলফে লুকিয়েও রেখে গেছি।

কেবল বিভাগীয় গণপাঠাগার নয়, লালদীঘির পাড়ে সিটি করপোরেশনের পাঠাগার তার পাশেই রাস্তার উল্টো দিকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে যাতায়াতের অভ্যাস গড়ে উঠেছিল। তিন দশকের বেশি সময় আগে চট্টগ্রামের জনসংখ্যা ছিল ৪০ লাখের মতো। আর তখন পাঠাগার বলতে ছিল সাকল্যে এই তিনটিই। আর এখন ৯১ লাখ বাসিন্দার জন্য সিটি করপোরেশনের লালদীঘির পাড়ের একটি পাঠাগারই সবেধন নীলমণি। চার বছর ধরে বিভাগীয় গণগ্রন্থাগার বন্ধ সংস্কারকাজের জন্য। চারতলা ভবনটি ভেঙে এখন সেখানে গড়ে উঠছে ১৪ তলা পাঠাগার ভবন, সাংস্কৃতিক কমপ্লেক্স। এ বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিক সময়ে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম।

গত শতকের নব্বইয়ের দশকের পর আকাশ সংস্কৃতির কারণে বই পড়ার অভ্যাস এমনিতেই কমেছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারের সামনে একসময় লম্বা লাইন দেখতাম। এখন সে দৃশ্য চট্টগ্রামে বিরল। এ অবস্থায় গণপাঠাগারের কার্যক্রম না থাকায় মুষ্টিমেয় পাঠকেরাও দুর্ভোগে পড়েছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে মুসলিম হল এলাকায় গণগ্রন্থাগারসহ সাংস্কৃতিক কমপ্লেক্স শেষ হওয়ার কথা এ বছরের জুনে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখানেও তার কালো ছায়া ফেলেছে। সাংস্কৃতিক কমপ্লেক্সের প্রকল্প পরিচালক উপসচিব লুৎফর রহমানের কাছে জানতে চেয়েছিলাম নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কি না। তিনি বললেন, ২৮১ কোটি টাকার এ প্রকল্পের বেশ কিছু কাজ আটকে আছে যন্ত্রপাতি আমদানি না করতে পারায়। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), মঞ্চের লাইট, কাঠামোসহ আরও বেশ কিছু জিনিস বাইরে থেকে আমদানি হওয়ার কথা। এসব ঠিক সময়ে পেলে এ বছরের মধ্যেই কাজ শেষ হতো। তবে কাজ শেষ না হলেও ১৫ তলা পাঠাগার ভবনে আগামী মে মাসের মধ্যেই বই স্থানান্তর করা হবে। সেটি তখন খুলে দেওয়ার চেষ্টা করা হবে পাঠকদের জন্য।

জানা গেল, গণগ্রন্থাগার ভবনের নিচতলায় থাকবে সার্ভিস সেকশন, যেখানে বই বাছাই হবে। দ্বিতীয় তলায় থাকবে অফিস, তৃতীয় তলায় সেমিনার ও মিটিং রুম, প্রতিবন্ধীদের জন্য পাঠকক্ষ। চতুর্থ ও পঞ্চম তলায় সাধারণ পাঠকক্ষ, ষষ্ঠ তলায় শিশু বিভাগ, সপ্তম তলায় পত্রিকা, অষ্টম তলায় রেফারেন্স, নবম ও দশম তলায় বিজ্ঞান, এগারোতম তলায় প্রশিক্ষণ ইউনিট, বারোতম তলায় আইসিটি ইউনিট, তেরোতম তলায় স্পেস ফর ফিউচার প্রোভিশন এবং চৌদ্দতম তলায় গেস্ট হাউস নির্মাণ করা হবে।

গ্রন্থাগার অংশে সাধারণ কক্ষে ২৫০ জন, বিজ্ঞান পাঠকক্ষে ১৫০ জন, রেফারেন্স পাঠকক্ষে ১০০ জন, পত্রিকা-সাময়িকী পাঠকক্ষে ১০০ জন, প্রতিবন্ধী পাঠকক্ষে ৫০ জন, উন্মুক্ত পাঠকক্ষে ১৫০ জন, শিশুকিশোর পাঠকক্ষে ১০০ জন একসঙ্গে বসে বই পড়তে পারবেন। এ ছাড়া পাঠাগারে থাকবে ৩০টি কম্পিউটার।

জানা গেছে, আপাতত এ প্রকল্পে বইয়ের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে সদরঘাট এলাকায় বিভাগীয় পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে চার লাখ টাকার বই কেনাও হয়েছে। আরও ২১ লাখ টাকার বই কেনা হবে এটি চালুর আগে।

যিশুখ্রিষ্টের জন্মের আগে থেকেই ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে পাঠাগারের অস্তিত্ব ছিল। তবে জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি। ব্রিটিশ মিউজিয়াম, মস্কোর লেনিন লাইব্রেরি, ফ্রান্সের বিবিওথিক নাসিওনাল লাইব্রেরি, ওয়াশিংটনের লাইব্রেরি অব কংগ্রেস কিংবা পাশের দেশ ভারতের কলকাতার ন্যাশনাল লাইব্রেরির মতো পাঠাগার না হোক, অন্তত নির্ভার হয়ে বই পড়ার একটা জায়গা যেন মেলে। চট্টগ্রামবাসীর চাওয়া এর চেয়ে বেশি তো নয়।